রিয়ালকে জিততে দিল না অ্যাটলেটিকো
স্পোর্টস ডেস্ক : মাদ্রিদ ডার্বি! কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে গোটা স্পেন যখন বিভক্ত, তখন স্প্যানিশ ফুটবলের অন্যতম সেরা মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দুই দল—অ্যাটলেটিকো ও রিয়াল মাদ্রিদ। কিন্তু খেলা শেষ হতাশই হতে হয়েছে ফুটবলপ্রেমীদের। ওয়ান্ডা মেট্রোপলিটানোয় জেতেনি দুই মাদ্রিদের কেউই। গোলশূন্য ড্র হয়েছে সময়ের অন্যতম সেরা দুই কোচের দ্বৈরথ।
জিনেদিন জিদানের দল চোট সমস্যায় আক্রান্ত। অনুশীলনে এসে আবারও চোটে পড়েছেন গ্যারেথ বেল। মাতেও কোভাচিচও খেলার বাইরে। অন্যদিকে, ডিয়েগো সিমিওনের পুরো স্কোয়াডই সুস্থ। অ্যাঙ্গেল কোরেয়া আর আতোঁয়া গ্রিজমানই ছিলেন আক্রমণভাগে। এই ম্যাচ দিয়ে মূল একাদশে ফিরেছেন কোকে। রিয়ালের হয়ে আবারও প্রথম একাদশে ফিরেছেন লুকা মডরিচ ও রাফায়েল ভারানে।
প্রথমার্ধের খেলায় দুই দলই আক্রমণাত্মক ছিল। রিয়াল খেলছিল জুটি বেঁধে। বাঁ প্রান্তে মার্সেলো, বেনজেমার ওয়ান-টুগুলো ছিল দেখার মতো। ৩৬ মিনিটে মাঝমাঠ থেকে উঠে এসে ক্রুস ও রোনালদোর ছন্দোবদ্ধ আক্রমণে উঠে এসেছিলেন অ্যাটলেটিকোর ডি বক্সে। কিন্তু জার্মান মিডফিল্ডারের নেওয়া শট বাঁ পাশের পোস্ট ছুঁয়ে বেরিয়ে যায়।
ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যেতে পারত অ্যাটলেটিকো। গাবির হেড রিয়াল ডিফেন্ডারের শরীরে লেগে কোরেয়ার পায়ের সামনে এসে পড়ে। কিন্তু গোলরক্ষক কাস্তিয়াকে একা পেয়েও গোল করতে পারেননি এই ফরোয়ার্ড। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাটা জমজমাট হলেও ফিনিশিংয়ে দুই দলেরই দুর্বলতা ছিল চোখে পড়ার মতো।
দ্বিতীয়ার্ধের শুরুতেই চোটে ভোগা অধিনায়ক সার্জিও রামোসকে তুলে নেন জিদান। তাঁর জায়গায় নামেন নাচো। বেনজেমার বদলে মাঠে আসেন মার্কো এসেনসিও। কিন্তু ততক্ষণে রিয়ালের আক্রমণের বিরুদ্ধে চিরাচরিত রক্ষণ-কৌশলে ফিরে গেছে অ্যাটলেটিকো। তবে গ্রিজমানের পরিবর্তের ফার্নান্দো তোরেস আর কোরেয়ার বদলে কেভিন গ্যামিরো মাঠে নামলে কিছুটা প্রাণ ফিরে আসে খেলায়। ৭৮ মিনিটে তো প্রায় গোলই পাইয়ে দিয়েছিলেন গ্যামিরো। কিন্তু গোলরক্ষকের মাথার ওপর দিয়ে তাঁর করা চিপ লাইন পার হওয়ার আগেই সরাতে সক্ষম হন ভারানে। ৮৯ মিনিটে রোনালদোর জোরালো শটের সামনে ছুটে এসে পা বসিয়ে দেন হার্নান্দেজ। বাকি সময়টা সময় দুই দলের আক্রমণের ব্যর্থতারই সাক্ষী হতে হয়েছে দর্শকদের।
এই ড্রয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ১০ পয়েন্টে পিছিয়ে পড়লেন জিদানের শিষ্যরা। বার্সেলোনা পা না হড়কালে রিয়ালের শিরোপার দৌড়ে ফেরার সম্ভাবনা আর নেই—এ কথা এখন বলে দেওয়াই যায়।











