অন্তর্বর্তী কোচ হচ্ছেন সুজন?
স্পোর্টস ডেস্ক : চন্ডিকা হাথুরুসিংহে কি শেষ পর্যন্ত থাকবেন? নাকি আসলেই বাংলাদেশ ক্রিকেট ‘হাথুরুসিংহে যুগ’-এর শেষ সময়টা দেখছে?
দুটো প্রশ্নই বর্তমান বাস্তবতায় বেশ বড় হয়ে দেখা দিচ্ছে। পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন লংকান কোচ, অথচ সেই ইচ্ছার পেছনে কোনো কারণ দেখাননি। বিসিবির পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি কোন সাড়া। এমতাবস্থায় বোর্ডের করণীয় কি?
হাথুরুসিংহেকে যে থেকে যাওয়ার ব্যাপারে কোনোরকম চাপ দেওয়া হবে না, এটা স্পষ্টভাবেই বলে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর বর্তমান কোচকে নিয়ে চলমান অনিশ্চয়তাই বিসিবির সামনে একটা করণীয় ঠিক করে দিচ্ছে— নতুন কোচের ব্যাপারে ভাবা। কোনো একজন কোচের বিদায়ের ঠিক পরপরই দলে একটা শূন্যতা অবধারিতভাবেই সৃষ্টি হয়। যেহেতু বিদেশি কোচ নিয়োগ দেওয়াটা একটা সময়সাপেক্ষ প্রক্রিয়া, তাই অন্তর্বর্তী দায়িত্বটা পালন করতে হয় কাউকে না কাউকে। শ্রীলংকার ক্রিকেটেই যেমন গ্রাহাম ফোর্ড পদত্যাগ করার পর বর্তমানে অন্তর্বর্তীকালীন দায়িত্বে আছেন নিক পোথাস। হাথুরুসিংহে যদি চলেই যান, তাহলে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেবেন কে? এক্ষেত্রে জোরেশোরেই শোনা যাচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনের নাম।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন অবশ্য জানালেন, তিনি এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানেন না, ‘আমার নাম নাকি আলোচনায় আসছে শুনলাম। আমি ঠিক নিশ্চিত নই। এটা আসলে সময়েরও ব্যাপার। বোর্ড সভাতে এটা নিয়ে আলোচনা হবে। অবশ্যই আমরা চাইবো বাইরে থেকে ভালো কাউকে আনতে।’
বিদেশি কোচ আনার মাঝের সময়টায় যদি দায়িত্ব দেয়া হয়? সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য কি প্রস্তুত আছেন সাবেক এই ক্রিকেটার? সুজন জানালেন, সুযোগ আসলে সেটা লুফে নিতে তিনি পুরোপুরি প্রস্তুত, ‘আমি মনে করি, আমার প্রস্তুতি রয়েছে। নানা সময়ে নানা চ্যালেঞ্জ নিয়েছি আমি। কোচিং তো অনেক বছর ধরেই করছি। সহকারী কোচ হিসেবে জাতীয় দলের দায়িত্বেও এক সময় ছিলাম। কোচিংয়ের কাজটা খুব কাছ থেকে দেখেছি। আমার মনে হয় না খুব কঠিন এটা। তবে অনুপ্রেরণা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। পরিকল্পনাও ভালো হতে হয়। দায়িত্বটা আমি পাবো কিনা জানি না। যদি পাই, তাহলে চেষ্টা করবো ভালোভাবে করতে।’
বিদেশি কোচের পাশাপাশি দেশি কোচদের দায়িত্ব দেওয়ার সংস্কৃতিটাও দলের মধ্যে দেখতে চান বলে জানান সাবেক এই ক্রিকেটার। বলেন, ‘আমি অনেক আগে থেকেই বলি, আমাদের দেশি কোচের প্রয়োজন আছে। তারপরও এটা চিন্তার ব্যাপার,
সময়েরও ব্যাপার আছে। এর আগে আমি ছিলাম, সালাউদ্দিন ছিল। স্থানীয় কোচের অবশ্যই প্রয়োজন আছে, যোগাযোগের উন্নতি থেকে শুরু করে সব বিভাগেই এর প্রয়োজনীয়তা অনেক। আমাদের স্থানীয় কোচদের মধ্যে অনেকেই আছে আত্মবিশ্বাসী এবং অনেক বেশি যোগ্য।’
জাতীয় দলের ম্যানেজার হিসেবে হাথুরুসিংহের সঙ্গে দীর্ঘ একটা সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে সুজনের, লংকান কোচের সঙ্গে তার বোঝাপড়াটাও বেশ ভালো। হাথুরুসিংহের হঠাৎ দায়িত্ব ছাড়তে চাওয়ার সিদ্ধান্ত তাই বেশ অবাক করেছে তাকে। তার কথায়, ‘আমার সঙ্গে কোচের সম্পর্কটা দারুণ। আড়াই বছর ধরে আমরা একসাথে কাজ করেছি। দক্ষিণ আফ্রিকায় যাবার পরও ও আমাকে পদত্যাগের ব্যাপারে কিছুই জানায়নি। খবরটা পেয়ে আমি অবাক হয়েছি। তার চলে যেতে চাইবার কোন কারণই জানি না আমরা।’
শেষপর্যন্ত হাথুরুসিংহে চলে গেলেও বাংলাদেশের ক্রিকেটে সেটার খুব একটা প্রভাব পড়বে না বলেই বিশ্বাস তার, ‘হাথুরুসিংহেকে যতটুকু সমর্থন দেবার, বিসিবি সেটা দিয়েছে। প্রত্যেকেরই নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেবার অধিকার রয়েছে। কেউ আসবে, কেউ চলে যাবে— এটাই বাস্তবতা। টেস্ট খেলুড়ে দেশ হবার পর বাংলাদেশে অনেক কোচ এসেছে, অনেকে চলে গেছে। বাংলাদেশ ক্রিকেট কিন্তু তার পথ হারায়নি, এগিয়ে গেছে। আশা করি আগামীতেও আমরা এগিয়ে যাবো।’











