ঢাকা ডায়নামাইটসের সংগ্রহ ১৩৬
শুরুতেই আউট হয়ে যান মেহেদী মারুফ। ওই ধাক্কা কাটিয়ে উঠেছিল ঢাকা ডায়নামাইটস এভিন লুইস ও কুমার সাঙ্গাকারার ব্যাটে। যদিও সিলেট সিক্সার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তোলার গড় মোটেও টি-টোয়েন্টি সুলভ ছিল না তাদের। লুইস ও সাঙ্গাকারা পরপর আউট হলে গেলে আবার বিপদে পড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে তারা করতে পেরেছে ৭ উইকেটে ১৩৬ রান।
টস হেরে ব্যাটিং পাওয়া ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানের মন্তব্যটা ছিল এমন, ‘এই উইকেটে ১৭০ রান করতে না পারলে জেতা কঠিন হবে।’ অথচ ব্যাটিংয়ে নেমে সাকিবের দল শুরুতেই হারায় উইকেট। সিলেটের অধিনায়ক নাসির হোসেন নিজে বল হাতে তুলে নিয়ে শূন্য রানে ফেরান মারুফকে। আরেক ওপেনার লুইস অবশ্য অভিজ্ঞ সাঙ্গাকারাকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। যদিও টি-টোয়েন্টির ছোঁয়া ছিল না তাতে। তাদের ৫৪ রানের জুটিটাও ভাঙেন নাসির। লুইসকে আবুল হাসানের হাতে ক্যাচ বানিয়ে ফেরান তিনি ২৬ রানে।
খানিক পর সাঙ্গাকারাও ধরেন তার পথ। ২৮ বলে ৩২ রান করে এই বাঁহাতি ব্যাটসম্যান আউট হন লিয়াম প্লাঙ্কেটের বলে। চোখের ইনজুরিতে জাতীয় দলের বাইরে থাকা মোসাদ্দেক হোসেনও ব্যর্থ। ৬ রান করে দুর্ভাগ্যজনক রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।











