বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করাতেই প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতিকে নিয়ে সরকারের নাটক যেন শেষ হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, পদত্যাগ করাতেই হঠাৎ করে তার (প্রধান বিচারপতির) বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়েছে।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জোর করে সন্ত্রাসী কায়দায় জালিয়াতির মাধ্যমে প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠিয়ে দেশ ছাড়তে বাধ্য করার পর এখন চুড়ান্ত পদক্ষেপ পদত্যাগ করাতেই হঠাৎ করে তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার, নৈতিক স্খলনসহ ১১টি অভযোগ দাখিল করা হয়েছে বলে জনগণ বিশ্বাস করে।

রিজভী বলেন, বিচার বিভাগের সর্বোচ্চ মর্যাদার আসনটিকে এভাবে কালিমালিপ্ত করার ঘটনা ইতিহাসে আর কখনো ঘটেনি। জনগণ কোনটি বিশ্বাস করবে, তাকে ছুটি দিয়ে বিদেশ পাঠানো ক্যান্সার রোগজনিত অসুস্থতা নাকি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ।

প্রধান বিচারপতির ওপর আরো বেশি চাপ সৃষ্টি করার জন্যই এমন অভিযোগ করা হয়েছে বলে মন্তব্য করে রিজভী বলেন, প্রধান বিচারপতির বিদেশ যাওয়ার পর তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন সুপ্রিম কোর্টের ইতিহাসে নজীরবিহীন ঘটনা।

এসময় প্রশ্ন তুলে বিএনপির এ নেতা বলেন, রাষ্ট্রপতি যদি প্রধান বিচারপতির বিরুদ্ধে এতো অভিযোগ পেয়েই থাকেন তাহলে তিনি সংবিধানের ৯৬ অনুচ্ছেদ প্রয়োগ করলেন না কেন? এ প্রশ্ন এখন আইনাঙ্গনে ঘুরপাক খাচ্ছে।

রিজভী বলেন, এখন আদালত প্রাঙ্গনে যা ঘটছে তা হচ্ছে সরকার প্রধানের একক কর্তত্বে বিচার বিভাগকে অধীন করার জন্য যাবতীয় আয়োজন। প্রধানমন্ত্রীর অদ্বিতীয় স্বৈরাচার হওয়ার পথে সকল কাঁটা সরাতেই এতো সব নির্লজ্জ দুর্বৃত্তপনা। বাংলাদেশে বেআইনী কর্মকাণ্ডের অতি ক্ষমতাধররা এখন ধরাছোঁয়ার বাইরে, এরা এখন ভয়ঙ্কর বেপরোয়া। দলীয় সংকীর্ণতার বদ্ধকুপে তারা মণ্ডুকনীতি গ্রহণ করে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে মৌরসীপাট্টা করে নিজেদের জমিদারিতে পরিণত করেছেন। তবে এই জমিদারি উচ্ছেদের জন্য জনগণ এখন সংঘবদ্ধ। জনগণের ধুমায়িত বহ্নির উত্তাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। জনগণই হচ্ছে মহাজন, তারাই কড়াই গন্ডায় এই অবৈধ দখলদারদের সকল ঋণ আদায় করে ছাড়বে।

এসময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় একের এর এক গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৪ অক্টোবর অব্যাহত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে সরকারি জুলুম নির্যাতন ও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন রিজভী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোয়াজ্জম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কাজী আবুল বাশার ও মো. মনির হোসন।