বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের সাথে মশকরা করা হচ্ছে : গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের সমর্থন ছাড়া পেশীশক্তির বলে প্রশাসনকে দলীয় ক্যাডার হিসেবে কাজে লাগিয়ে যারা ক্ষমতায় আছেন সেই ক্ষমতার শীর্ষ ব্যক্তিকে যখন মাদার অব হিউম্যানেটি বলা হয়, সেটা জনগণের সাথে মশকরা, ঠাট্টা ছাড়া আর কিছুই নয়।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত ‘সুশাসন ও নাগরিক অধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজকে আদালতের পাশ দিয়ে আসার সময় লক্ষ্য করলাম রাস্তার দুইপাশে বড় বড় ফেস্টুন টানানো আর সেখানে লেখা আছে মাদার অব হিউম্যানেটি। মনে হল যারা এই শব্দটা যার বেলায় অবতারণা করেছেন, তারা জনগণের সাথে মশকরা করেছেন।

তিনি আরো বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠিত করতে গেলে জনগণের প্রতিনিধিত্বশীল একটি সরকার যদি থাকে এবং সে রাষ্ট্র ব্যবস্থায় সংবিধানকে যদি সঠিকভাবে অনুসরণ করা হয়, আইনের শাসন যদি প্রতিষ্ঠিত করা হয় তাহলে সেখানে সুশাসন থাকে। আর এ আইনের শাসনটাকে নিশ্চিত করে স্বাধীন বিচার বিভাগ। স্বাধীন বিচার বিভাগ এবং প্রশাসন একে অপরের পরিপূরক হিসেবে নাগরিক অধিকার নিশ্চিত করার ভূমিকা পালন করে। কিন্তু সরকার সেই বিচার বিভাগকেও মুজিবীকরণ করতে চায়।

নাগরিক অধিকার আন্দোলন ফোরামের সভাপতি আলহাজ একেএম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ নাজিমউদ্দিন নাজিম মাস্টার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দীন আহমেদ, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির, সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ।