বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তমরুতে ১০ হাজার রোহিঙ্গাকে ত্রাণ দেবে যুবলীগ

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মিয়ানমার সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চল তমরুতে ১০ হাজার রোহিঙ্গার মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। ইতিমধ্যে ত্রাণ সামগ্রী প্যাকেটজাতকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রবিবার সকালে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সার্বিক তত্ত্বাবধানে মহামেডান ক্লাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক মিজানুর রহমান মিজু, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ সভাপতি সোহরাব হোসেন স্বপন, এনামুল হক আরমান, মোরসালিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার বাবু, মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ প্রমুখ।

এসময় মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য কূটনৈতিক সাফল্যের কারণে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। রোহিঙ্গা সংকট নিয়ে শেখ হাসিনার ভূমিকা সর্বত্র প্রশংসিত। সংকট তৈরির পর এর স্থায়ী সমাধানে বিশ্বব্যাপী বাস্তবমুখী ভূমিকা নিয়েছেন তিনি ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব সম্পর্কে তিনি বলেন, যিনি পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি করতে পারেন, ছিটমহল সমস্যার সমাধান করতে পারেন, সহিংসতা ছাড়াই সমুদ্র সীমানা সমস্যার সমাধান করে নিজেদের সীমানা বাড়াতে পারেন, বাংলাদেশের মানচিত্র সম্প্রসারিত করতে পারেন; কেবল তার দ্বারাই রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব।

মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, আমরা বিশ্ব মানবতার নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছি। আমরা বিশ্বাস করি শেখ হাসিনা সরকার শান্তিপূর্ণ কুটনীতির মাধ্যমে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করবেন। এটাই ডটার অব হিউম্যানিটি শেখ হাসিনার শিক্ষা।

পবিত্র আশুরা সম্পর্কে যুবলীগ চেয়ারম্যান বলেন, ত্যাগের মহিমা সর্বত্র ছড়িয়ে পড়ার দিন আজ। সেই সঙ্গে গভীর শোকের দিন। মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে চক্রান্তকারী ইয়াজিদ বাহিনীর হাতে কারবালা প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন। একদিকে শোক, অন্যদিকে হত্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অনড় অবস্থানের প্রতি এই উজ্জ্বল দৃষ্টান্ত বিশ্বজুড়ে মুসলমানদের কাছে অমর হয়ে আছে।

তিনি আরো বলেন, দুই বছর আগে বিএনপি-জামাতের নির্দেশে উগ্রপন্থী সন্ত্রাসীরা ঢাকায় আশুরার আগের রাতে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করে। বগুড়া জেলায় এক শিয়া মসজিদে নামাজরত একজন মুসুল্লিকে হত্যা করে। আজকের দিনে স্বস্তির বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কঠোর অবস্থান ও জঙ্গিবিরোধী অভিযানের ফলে তাদের তৎপরতা অনেকটাই কমেছে।

রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়া প্রসঙ্গে মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, সহিংসতার মুখে জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বিশ্বে ইতিহাস হয়ে থাকবে। বিশ্বনেতারা শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি, ডটার অব পিস’ নামে ভূষিত করেছেন।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বহুল প্রচারিত ইংরেজি দৈনিক ‘খালিজ টাইমস’ রোহিঙ্গা সংকটের প্রতি মানবিক অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছসিত প্রশংসা করে তাকে ‘প্রাচ্যের নতুন তারকা’ হিসেবে অভিহিত করেছেন। নোবেলজয়ী মালালা ইউসুফজাই রোহিঙ্গা ইস্যু তুলে ধরে বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানকে শিক্ষা নিতে বলেছেন।

মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, পদ্মাসেতু নিয়ে বিএনপি-জামায়াতসহ অনেক বুদ্ধিজীবীরা শেখ হাসিনার সমালোচনা করেছেন। কেউ কেউ বলেছেন, তার পক্ষে এতবড় সেতু নিজস্ব অর্থায়নে করা সম্ভব নয়। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পদ্মাসেতুকে দৃশ্যমান করে দেখিয়ে দিয়েছেন, আমরাও পারি।