পদ্মাসেতু রঙিন স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা : সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু কোনো রঙিন স্বপ্ন নয়, এখন দৃশ্যমান বাস্তবতা। শনিবার সকালে পদ্মা সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর পর তিনি একথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর ৩৯, ৪০ ও ৪২ নম্বর পিলারের কাজও খুব দ্রুতগতিতে এগিয়ে চলছে। শিগগিরই ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর স্প্যান বসানো হবে।
তিনি বলেন, বিশ্ব ব্যাংক যখন মুখ ফিরিয়ে নিয়েছিল পদ্মা সেতুর আকাশে তখন কালো মেঘ জমে অনিশ্চতায় রূপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একক নেতৃত্বে মশাল হাতে নেন, পদ্মা সেতুর কাজকে এগিয়ে নিয়ে যান। পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। পিলারের উপর স্প্যান স্থাপনের মাধ্যমে নানা প্রতিকূলতা এখন কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। ধাপে ধাপে বাকি স্প্যানগুলো বসতে শুরু করবে।
তিনি আরো বলেন, আমরা এখন কোনো আনুষ্ঠানিকতা করছি না। নেত্রী দেশে আসলে আনুষ্ঠানিকতা হবে। দুই পাড়ের মানুষ, নেতাকর্মী, জনপ্রতিনিধি, প্রকল্পে কর্মরত কর্মকর্তাসহ সবাইকে আমন্ত্রণ জানানো হবে। বাংলাদেশের ইতিহাসে রচিত হলো এক নতুন অধ্যায়ের। বর্তমানে পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৪৭.৫ শতাংশ। নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হবে পদ্মা সেতু প্রকল্পের কাজ।
এসময় মুন্সিগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, মেজর জেনারেল মাসুদ সাইদ, প্রকল্প পরিচালক শফিকুল ইসলামসহ পদ্মা সেতুর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সুপার স্ট্রাকচার পিলারের উপর স্প্যান স্থাপনের মাধ্যমে দৃশ্যমান পদ্মা সেতুর অবকাঠামো ঘুরে দেখেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বড় একটি সিবোটে করে স্প্যান বসানোর এলাকা ঘুরে দেখেন তিনি।
উল্লেখ্য, ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। আগামী বছরের ডিসেম্বরে এই সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।











