বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ আজ আর একা নয় : মতিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী ও আওয়মী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ আজ আর একা নয়, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সাথে আর্তমানবতা ও সারা পৃথিবী আছে। কেউ কেউ বলেন ওমুক দেশ, তমুক প্রেসিডেন্ট শেখ হাসিনাকে পাত্তা দেয় না। পাত্তা দেয় বলেই পরের দিনে সেই দেশে থেকে ৩০ বিলিয়ন ডলার সাহায্য এসে উপস্থিত হয়েছিল। শেখ হাসিনা তো ফকিরে বাচ্চা না যে, হাত পেতে সাহায্য চাইবে।’

বুধবার সকালে শেরপুরে নালিতাবাড়ীতে শারদীয় দুর্গোৎস উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে শুভেচ্ছা জ্ঞাপনকালে গোপাল জিও মন্দিরে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, সারা বিশ্বের মানুষ রোহিঙ্গা সমস্যার সমাধান চায়। কোনো অভিনয় নয়, কোনো কৃত্রিমতা নয়, প্রধানমন্ত্রী দক্ষ কূটনীতি ও অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে আর্তমানবতার পাশে দাঁড়িয়েছেন তা সারা পৃথিবী দেখছে।

রোহিঙ্গাদের পাশে থাকায় কৃষিমন্ত্রী সব সম্প্রদায়ের মানুষেদের ধন্যবাদ জানিয়ে বলেন, এবার বাংলাদেশ পূজা উদযাপন কমিটি পূজার আনুসাঙ্গিক আয়োজন কমিয়ে রোহিঙ্গাদের ফান্ডে সাহায্য করছেন। আমি ধন্যবাদ জানাই বৌদ্ধ সম্প্রদায়ের ভাই-বোনদের, তারা তাদের ফানুস উড়ানোর উৎসব বাদ দিয়ে সেখান থেকে টাকা বাঁচিয়ে রোহিঙ্গাদের সাহায্য করেছেন। খিস্টান সম্প্রদায়ের লোকেরাও সহযোগিতার হাত বাড়িয়েছেন। মহামান্য পোপও আর্তমানবতার পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন।

এসময় জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।