বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্যালেস্টাইনে অচলাবস্থা কাটার আভাস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্যালেস্টাইনের গাজা এলাকা শাসনকারী হামাস ১৭ সেপ্টেম্বর বলেছে যে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ মুভমেন্টের সঙ্গে বিদ্যমান দীর্ঘ বিরোধ অবসানের লক্ষ্যে তারা তাদের সরকার বাতিল করেছে এবং একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানে রাজি হয়েছে।

প্যালেস্টাইন পার্লামেন্টের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৬ সালে এবং সবাইকে চমকে দিয়ে এতে জয়লাভ করে ইসলামপন্থী হামাস দল। আর এর মধ্য দিয়েই সূচনা হয় রাজনৈতিক বিভাজনের। ২০০৭ সালে হামাস ও ফাতাহ’র মধ্যে স্বল্পকালীন একটি গৃহযুদ্ধও সংঘটিত হয়। তারপর থেকে হামাস শুধু ওই ছোট উপকূলীয় এলাকাটিই শাসন করে আসছে, যদিও তারা পুরো প্যালেস্টাইন শাসনের গণরায় পেয়েছিল।

উভয়পক্ষকে এক করার এবং গাজা ও পশ্চিম তীরে একটা ঐক্যমতের সরকার গড়ার জন্য ২০১১ সাল থেকে অসংখ্য উদ্যোগ নেয়া হয় এবং সব চেষ্টাই বিফল হয়। অবশেষে ২০১৪ সালে এসে উভয় দল একটা জাতীয় ঐক্যমতের সরকার গড়তে রাজি হয়। কিন্তু বাস্তবে দেখা যায়, হামাসের ”ছায়া সরকার”ই গাজা শাসন করে চলেছে।

এ অবস্থায় হামাস রবিবার বলেছে যে তারা ছায়া সরকার বাতিল করলো। এর মধ্য দিয়ে গাজায় একটা ঐকমত্যের সরকার প্রতিষ্ঠা, নির্বাচন অনুষ্ঠান এবং হামাস-ফাতাহ আলোচনার পথ প্রশস্ত হলো বলে মনে করা হচ্ছে।

হামাসের সর্বশেষ অবস্থানকে সতর্কভাবে স্বাগত জানিয়ে ফাতাহ’র একজন সিনিয়র নেতা বলেন, ”যদি এটা হামাসের বিবৃতি হয়, তাহলে এটা একটা ইতিবাচক সঙ্কেত। আমরা পূণঃরেকত্রীকরণে প্রস্তুত।”

হামাসের এই অবস্থান নিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বা তাঁর কোনো প্রতিনিধির তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। তবে কয়েকটি জনমত জরিপে দেখা গেছে, এখনই নির্বাচন হলে গাজা ও পশ্চিম তীর – উভয় স্থানে হামাসই সংখ্যাগরিষ্ঠতা পাবে। ১২ বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা মাহমুদ আব্বাস (৮২) সবচাইতে অজনপ্রিয় নেতা – এমনও উঠে এসেছে জরিপে। তাঁর কোনো সুস্পষ্ট উত্তরাধিকারী নেই এবং তিনি শিগগিরই প্রেসিডেন্ট নির্বাচন দেবেন – এমন কোনো লক্ষণও দেখা যায় না। সূত্র : দ্য হিন্দু