বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার রুখে দাঁড়াচ্ছে রোহিঙ্গারা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মিয়ানমারের রাখাইন (পড়ুন – আরাকান) রাজ্যে দশকের পর দশক ধরে চলে আসছে রোহিঙ্গা নির্যাতন। এতোদিন ওই দুর্বৃত্ত রাষ্ট্রটি একতরফাভাবে নির্যাতন চালাতে পারলেও এই প্রথমবারের মতো মিলছে প্রতিরোধের আভাস। শুধু পালিয়ে বেড়ানো নয়, এবার অস্ত্র হাতে রুখে দাঁড়াচ্ছেন নিপীড়িত রোহিঙ্গারা।

২৫ আগস্ট ভোরে বিদ্রোহীরা অন্তত ৩০টি পুলিশ ও সেনাঘাঁটিতে হামলা চালায়। এতে সরকারি বাহিনীর অন্তত ১২ জন নিহত হয়। এরপরই রোহিঙ্গা অধ্যুষিত বিভিন্ন এলাকায় শুরু হয় নিপীড়ণ-নির্যাতন। আর প্রাণে বাঁচতে সীমান্ত পেরিয়ে আবারো দলে দলে বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা। তবে অন্যান্য বারের চাইতে এবার শরণার্থীদের ঢলে একটু পরিবর্তন দেখা যাচ্ছে। অন্যান্যবার অনেকে পুরো পরিবারসহ পালিয়ে এলেও এবার শরণার্থীদের দলে পুরুষদের সংখ্যা একেবারেই কম বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এফপিকে বলেন, ‘‘পুরুষদের কী হয়েছে, আমরা তাদের (রোহিঙ্গা নারীদের) জিজ্ঞেস করেছিলাম। আমাদের জানানো হয়েছে, লড়াই করার জন্য পুরুষরা রয়ে গেছে।”

যেমন নতুন সহিংসতায় পালিয়ে আসা আয়েশা বেগম স্থান পেয়েছেন বাংলাদেশে কক্সবাজারের একটি ক্যাম্পে। তাঁর স্বামী রোহিঙ্গাদের হয়ে যুদ্ধ করার জন্য আরকানে (রাখাইন) রয়ে গেছেন। আয়েশা বলেন, ‘‘আমাদের তিনি নদীর পাড়ে এনে বিদায় দিয়েছেন। বলেছেন, বেঁচে থাকলে দেখা হবে স্বাধীন আরাকানে, মারা গেলে বেহেস্তে।”

কী এই এআরএসএ?

আয়েশার স্বামী এবং তাঁর মতো আরো অনেক নিপীড়িত রোহিঙ্গা মুসলিম লড়বেন আরাকান রোহিঙ্গা সলিডারিটি আর্মির (এআরএসএ) হয়ে। অক্টোবর হামলার দায় স্বীকারের পর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে পরিচিত হয়ে উঠেছে এআরএসএ।

সীমান্তে আসা রোহিঙ্গা নেতা শাহ আলম জানান, আশেপাশের তিন গ্রাম থেকে অন্তত ৩০ জন যুবক স্বাধীনতার জন্য যুদ্ধ করতে যোগ দিয়েছে এআরএসএতে। তিনি বলেন, ‘‘তাদের কীই বা করার ছিল! পশুর মতো খুন হওয়ার চেয়ে লড়াই করে মারা যাওয়ার পথ বেছে নিয়েছেন তাঁরা।”

মিয়ানমারের নেতা অং সান সুচি এআরএসএকে ”জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন” বলে বয়ান করেছেন। সংগঠনটির বিরুদ্ধে শিশু যোদ্ধা ব্যবহারের অভিযোগও করেছেন তিনি। তবে এআরএসএ এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে।

এদিকে রোহিঙ্গা গণপ্রতিরোধ শুরুর খবরে তীব্র পেটব্যথা দেখা দিয়েছে বর্বর সরকারের। তারা এআরএসএকে ”সন্ত্রাসী সংগঠন” হিসেবে বিশ্বজুড়ে পরিচিত করানোর জন্য কোমর বেঁধে নেমেছে। গুলিতে নিহত বেসামরিক নাগরিকদের ছবি প্রকাশ করে বিশ্বে জনমত গড়ে তোলারও চেষ্টা চালাচ্ছে ।

তবে বসে নেই এআরএসএ-ও। পাল্টা প্রচার চালাচ্ছে তারাও। শুধু রাখাইন রাজ্যেই নয়, বাংলাদেশের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের কাছেও পৌঁছে গেছে যুদ্ধের ডাক।

অস্ত্র নেই, তাতে কী?

এআরএসএ বিদ্রোহীদের ভারী অস্ত্র বলতে কিছুই নেই। এখন পর্যন্ত বিভিন্ন হামলায় ব্যবহার করা হয়েছে ছুরি, ঘরে তৈরি বোমা ও আগ্নেয়াস্ত্র। ফলে মিয়ানমারের সুসজ্জিত সেনাবাহিনীর সাথে যুদ্ধে কতটুকু টিকতে পারবে বিদ্রোহীরা, সে সন্দেহ থেকেই যাচ্ছে।

 

কিন্তু তাতে একটুও দমছেন না রোহিঙ্গারা। সীমান্তে এএফপিকে এক রোহিঙ্গা যোদ্ধা বলেন, ‘‘আমাদের শত শত যোদ্ধা পাহাড়ে অবস্থান নিয়েছে। আমরা আরাকানকে রক্ষার শপথ নিয়েছি, সেটা চাকু এবং লাঠি দিয়ে হলেও আমরা করবো।”

কুতুপালং ক্যাম্পে এক রোহিঙ্গা যুবক বলেন, ‘‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের তরুণরাও চিন্তা করছেন যুদ্ধে যোগ দেয়ার। আমরা প্রতিজ্ঞা করেছি, প্রথম সুযোগেই আমরা সীমান্ত অতিক্রম করবো।”

হাজেরা বেগম নামে এক রোহিঙ্গা নারী তিন ছেলেকে নিয়ে গত মাসে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসেছেন। তাঁর আরো দুই ছেলে রয়ে গেছেন যুদ্ধ করবেন বলে। বাংলাদেশে আসার এক সপ্তাহের মধ্যে তাঁর আরেক ছেলেও যোগ দেন লড়াইয়ে। এএফপিকে তিনি বলেন, ‘‘ওরা (মিয়ানমার সেনাবাহিনী) আমাদের এমনিতেই মারবে। এরা (এআরএসএ) আমাদের অধিকারের জন্য লড়াই করছে। আমি আমার ছেলেদের পাঠিয়েছি স্বাধীনতার জন্য লড়াই করতে। আমি তাদের উৎসর্গ করেছি আরাকানের জন্য।” সূত্র : ডয়চে ভেলে

এ জাতীয় আরও খবর