আ.লীগ-জাপায় লড়াই, চমকের আশায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক : আসছে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশের মতো রংপুরেও বইছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে জেলার ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের পক্ষে জোর তৎপরতা চালাচ্ছেন জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের কর্মীসমর্থকরা।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দুর্গখ্যাত রংপুর এখন আওয়ামী লীগের দখলে। এখানকার সংসদীয় ছয়টি আসনের চারটিই ক্ষমতাসীনদের দখলে। বাকি দু’টি জাতীয় পার্টির। অন্যদিকে রংপুরে সাংগঠনিকভাবে দুর্বল অবস্থানে থাকা বিএনপি এবার শক্তিশালী প্রার্থী দিয়ে চমক দেখাতে মরিয়া হয়ে উঠেছে। এজন্য সদস্য সংগ্রহ অভিযানের পাশাপাশি তৃণমূল থেকে দলকে শক্ত প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে কাজ করে যাচ্ছেন জেলা ও মহানগর বিএনপির নেতারা।
রংপুর সদরসহ গঙ্গাচড়া, বদরগঞ্জ, পীরগাছা-কাউনিয়া, মিঠাপুকুর ও পীরগঞ্জে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। একারণে ক্ষমতাসীনরা সবকটি আসনেই জয়ের স্বপ্ন দেখছে। অন্যদিকে নিজ দুর্গের ঐতিহ্য ফিরিয়ে আনতে চায় এরশাদের জাতীয় পার্টি। একারণেই এখানকার সবকটি আসনেই ভোটযুদ্ধ হবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে। তবে রংপুর-৩ (সদর), রংপুর-৪ আসন (পীরগাছা-কাউনিয়া) ও রংপুর -৬ (পীরগঞ্জ) আসনে নিজেদের শক্তিশালী প্রার্থী থাকায় চমকের আশায় আছে বিএনপি।
রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে ষষ্ঠ থেকে দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির স্থানীয় কোনো নেতা দলীয় মনোনয়ন পায়নি। রংপুর-৩ ও রংপুর-৪ আসনের নেতারা এখানে প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হয়েছেন। এবার আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক আসাদুজ্জামান বাবলু ও শিল্পপতি সিএম সাদিক।
রংপুর-১ আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের ভাতিজা সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ পার্টির মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন। বিএনপি থেকে প্রার্থী হতে চেষ্টা চালাচ্ছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান মাবু ও যুগ্ম সম্পাদক মোকাররম হোসেন সুজন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রংপুর জেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক খায়রুল আলম বাবুর নির্বাচন করার কথা শোনা যাচ্ছে।
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের বর্তমান এমপি আহসানুল হক চৌধুরী ডিউক, সাবেক প্রতিমন্ত্রী আনিছুল হক চৌধুরীর ছেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান টুটুল চৌধুরী, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বিটু নৌকার মনোনয়ন পাওয়ার জন্য জোর লবিং চালাচ্ছেন। জাতীয় পার্টির সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী সাবলু ও ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহাদত মনোনয়ন চাইবেন। বিএনপির উপজেলা সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার ও বদরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক কমল লোহানী মনোনয়ন প্রত্যাশা করছেন। জাসদের (আম্বিয়া-প্রধান) আবদুস সাত্তার ও জেলা নাগরিক ঐক্যের সদস্য ব্যবসায়ী জয়চন্দ্র প্রার্থী হতে পারেন।
রংপুর-৩ (সদর) আসনে হেভিওয়েট প্রার্থী হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি এ (সদর ও সিটি করপোরেশন) আসনে পরপর চারবার এমপি নির্বাচিত হন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন তার ভাই দলের কো-চেয়ারম্যান জিএম কাদের। আগামী নির্বাচনে এ আসনেই লড়বেন এরশাদ। এ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক আমলা চৌধুরী খালেকুজ্জামান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।
অন্যদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন- মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান সামু, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল কাইয়ুম মণ্ডল ও মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন। অন্য দলগুলোর মধ্যে এ আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন জেলা সিপিবি নেতা কমরেড শাহাদাত হোসেন, বাসদের জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু ও আবদুল কুদ্দুস, ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা, জেলা ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজিরুল ইসলাম লিটন, জেলা নাগরিক ঐক্যের সদস্য সচিব রেয়াজ উদ্দিন এবং জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক জেলা সভাপতি ডা. একরামুল হোসেন স্বপন।
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে নৌকা প্রতীক নিয়ে পরপর দুবারের এমপি টিপু মুনশী এবারও মনোনয়ন চাইবেন। স্থানীয় নেতাকর্মীরা সেখানে টিপু মুনশীর বিকল্প কাউকে দেখছেন না। যুবলীগ থেকে সদ্য জাতীয় পার্টিতে যোগ দেয়া বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা সেলিম বেঙ্গল ও সাবেক পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান এ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশা করছেন।
অন্যদিকে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করছেন রংপুর বিএনপির সাবেক সভাপতি ও ভরসা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান রহিম উদ্দিন ভরসার জ্যৈষ্ঠ পুত্র ও রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি শিল্পপতি এমদাদুল হক ভরসা, জেলা বিএনপির সহ-সভাপতি কর্নেল (অব.) আবদুল বাতেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন জেলা নাগরিক ঐক্যের সদস্য রফিকুল ইসলামও।
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে নৌকা প্রতীক নিয়ে তিনবার এমপি হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক প্রতিমন্ত্রী এইচএন আশিকুর রহমান। এবারও তিনি মনোনয়ন চাইবেন। তবে স্থানীয় নেতাদের কেউ কেউ বলছেন, বয়সের কারণে আশিকুর রহমান প্রার্থী না হলে তার ছেলে রাশেক রহমানকেই প্রার্থী করা হতে পারে। এ আসনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোতাহার হোসেন মওলা এবং মিঠাপুকুরর উপজেলা সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার নৌকার মনোনয়ন প্রত্যাশী। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও উপজেলা সভাপতি শিল্পপতি এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীরও রয়েছেন দলীয় গ্রিন সিগন্যালের অপেক্ষায়। এছাড়াও বিএনপির সাবেক এমপি খন্দকার গোলাম মোস্তফা বাটুল, জেলা বিএনপির সদস্য অধ্যাপক ড. মমতাজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ তালুকদার ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খাজা নূর খাজা, শিল্পপতি আখতার হোসেন ধানের শীষের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে স্থানীয় নেতারা নিশ্চিত করেছেন। অষ্টম সংসদ নির্বাচনে এই আসনে শেখ হাসিনা জাতীয় পার্টির প্রার্থী নূর মোহাম্মদ মণ্ডলের কাছে সামান্য ভোটে পরাজিত হলেও নবম ও দশম সংসদ নির্বাচনে পরপর এমপি হন। তখন থেকেই এ আসনটি আওয়ামী লীগের দখলে। এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী রংপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি নূর মোহাম্মদ মণ্ডল। এরশাদের সবুজ সংকেত পেয়ে প্রার্থী হিসেবে মাঠে নেমে পড়েছেন পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ব্যবসায়ী নূরে আলম যাদু।











