ব্রাসেলসে সৈন্যদের ওপর চাপাতি নিয়ে হামলা
আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক ব্যক্তি চাপাতি নিয়ে দুই সৈন্যের ওপর হামলা চালিয়েছে। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩০ বছর বয়সী ওই হামলাকারী আহত হয় এবং হাসপাতালে মারা যায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ব্রাসেলসের একবারে কেন্দ্রস্থলে থাকা বুলেভার্ড এমিলে জ্যাকমেইনে এ চাপাতি হামলার ঘটনা ঘটে। হামলার শিকার দুই সৈন্যের একজনের মুখমণ্ডল এবং আরেকজনের হাতে ক্ষত তৈরি হয়েছে।
কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয় জানায়, চাপাতি হাতে যে ব্যক্তি দুই সৈন্যের ওপর হামলা চালায় সে ‘সন্ত্রাসী তৎপরতার জন্য পরিচিত ছিল না’। কিন্তু হামলা চালানোর সময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে ওঠে। হামলাটিকে একটি সন্ত্রাসী তৎপরতা হিসেবেই বিবেচনা করা হচ্ছে বলে জানায় প্রসিকিউটরের কার্যালয়।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী রায়ান ম্যাকডোনাল্ড টুইটারের লেখেন, তিনি ওই এলাকা থেকে গুলির শব্দ শোনেন তারপর পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেন।
সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী।
গত বছর এক সন্ত্রাসী হামলায় ৩২ জন নিহত হওয়ার পর থেকে ব্রাসেলসের রাস্তায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। একটি বড়সড় নিরাপত্তা অভিযান পরিকল্পনার অংশ এটি; যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কোনো সন্ত্রাসী হামলা হলে যাতে দ্রুত উদ্ধার তৎপরতা চালানো যায়। এ সৈন্যরাই গত জুনে ব্রাসেলসের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীকে গুলি করে হত্যা করে। সূত্র: বিবিসি











