ভারতে রাম রহিম ভক্তদের সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৮
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আধ্যাত্মিক নেতা গুরমিত রাম রহিম সিংকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর পাঞ্জাব ও হরিয়ানায় ব্যাপক সহিংসতা শুরু হয়েছে। সংঘর্ষ ও পুলিশের গুলিতে সেখানে অন্তত ২৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া। এ ঘটনায় কমপক্ষে ২৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
রাম রহিমের ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করার পর সহিংসতা হতে পারে, এমন আশঙ্কা আগেই করা হয়েছিল। সেজন্য প্রস্তুত রাখা হয়েছিল প্রায় ৫৭ হাজার পুলিশ। এছাড়া সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছিল। তার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী লঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছুড়েও পাঁচকুলা পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে আনতে পারেনি।
পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যের বিভিন্ন স্থানে গণ্ডগোল শুরু হয়েছে। ইতোমধ্যেই দু’টি রেলস্টেশনে আগুন লাগিয়ে দিয়েছে ধর্মগুরু রাম রহিমের ক্ষুব্ধ অনুসারীরা। দু’টি থানাতেও অগ্নিসংযোগ করেছে তারা।
সংঘর্ষের রেশ ভারতের রাজধানী দিল্লিতেও ছড়িয়েছে। আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে একটি ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বাসও জ্বালানো হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
এছাড়া ধর্মীয় গোষ্ঠী ডেরা সাচ্চা সওদার সদর দফতর সিরসায় এবং পাঁচকুলায় রাম রহিমের অনুসারীরা সংবাদমাধ্যমকেও আক্রমণ করেছে।
বিভিন্ন স্থানে সংবাদকর্মীদের গাড়ি ভাঙচুর করেছে ক্ষুব্ধ ডেরা সমর্থকরা। গণমাধ্যমের একাধিক গাড়ি এবং ও ভ্যান নষ্ট করেছে তারা।
চন্ডিগড়ে সহিংসতা ছড়িয়ে পড়ায় শহরজুড়ে কয়েকটি স্থানে এবং পঞ্জাবজুড়ে কারফিউ জারি হয়েছে।
পাঁচকুলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানে কারফিউ জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। আদালত চত্বরের বাইরে প্রচণ্ড গোলমাল চলছে।
পাঁচকুলায় থানা এবং বিভিন্ন সরকারি দফতরে রাম রহিম ভক্তরা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগুন লাগানো হয়েছে বহু গাড়িতে। গোটা শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। পুলিশের সঙ্গে প্রবল সংঘর্ষে জড়িয়ে পড়েছেন রাম রহিম সমর্থকরা।
পুলিশ পরিস্থিতি আয়ত্বে আনতে গুলি চালানোতেই নিহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ডেরা সচ্চা সৌদার সদর দফতর হরিয়ানার সেই সিরসাতেও তাণ্ডব চলছে। পুলিশের সঙ্গে সেখানেও রাম রহিম ভক্তদের সংঘর্ষ হয়েছে।
হরিয়ানা ও পঞ্জাবজুড়ে তান্ডবের মুখে দুই রাজ্যের সীমান্তই সিল করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ফোনে কথা বলেছেন পঞ্জাব ও হরিয়ানার মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ এবং মনোহরলাল খট্টরের সঙ্গে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ রাম রহিম সমর্থকদেরকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বাবা রাম রহিম নিজেও শান্তিই চাইছেন বলে জানানো হয়েছে সরকারপক্ষ থেকে।
রাম রহিম সিংয়ের লাখো সমর্থককে চন্ডিগড়ে ঢুকতে দেওয়ার জন্য হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং। ধর্মগুরুর মামলার রায় শুনতে আগে থেকেই শহরটিতে রাম রহিমের দুই লাখের বেশি ভক্ত জড়ো হয়েছিলেন। তাদের অনেকেই সংঘর্ষে লিপ্ত হন। সূত্র : এনডিটিভি ও বিবিসি











