মিয়ানমার সরকারকে রোহিঙ্গা বিদ্রোহীদের সতর্ক
আন্তর্জাতিক ডেস্ক :রোহিঙ্গাদের ওপর চলমান অমানবিক নির্যাতন ও বর্বরতা বন্ধ করতে এক ভিডিও বার্তায় মিয়ানমার সরকারকে সতর্ক করেছে রোহিঙ্গাদের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ)। বর্বরতা বন্ধ না করলে প্রতিশোধ নেয়ার হুমকিও দিয়েছে রোহিঙ্গা বিদ্রোহীদের এই সংগঠনটি।
সম্প্রতি ইউটিউবে প্রকাশ হওয়া এক ভিডিও বার্তায় বিদ্রোহী সংগঠনটি নেতা আতাউল্লাহ আবু আম্মা জুনুনি নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে এ লড়াই একান্তই নিজেদের অধিকারের উল্লেখ করে এতে বাংলাদেশের দুর্নাম হবে না বলে আশ্বস্ত করেন সংগঠনের কমান্ডার ইন-চার্জ বলে পরিচয় দেয়া এই ব্যক্তি।
১৮ মিনিটের বেশি এই ভিডিও বার্তায় মানবাধিকার সংগঠনগুলোর প্রচেষ্টার প্রশংসা করা হলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে মিয়ানমার সরকার দ্বারা প্রভাবিত হওয়ার অভিযোগ তোলা হয়েছে। রোহিঙ্গাদের ওপর সেদেশের সেনাবাহিনীর নির্বিচারে গুলি বর্ষণ, হত্যা, ধর্ষণ, জ্বালাও পোড়াও অব্যাহত রেখেছে বলে দাবি করেন তিনি।
বিশ্বের নেতাদেরকে উদ্দ্যেশে তিনি বলেন, সেনারা মিয়ানমার রাশিডং গত ২০ দিন ধরে রোহিঙ্গাদের ঘিরে রেখেছে এটা খুবই দুঃখজনক। এমনকি সেনাদের সঙ্গে রাখাইনরা রয়েছে। এতে রোহিঙ্গা জনগোষ্ঠীর চলাফেলা বন্ধ হয়ে গেছে। ফলে তাদের না খেয়ে মরতে হচ্ছে। এই ঘটনা খুবই দুঃখজনক। আশা করি আন্তজার্তিক নেতারা এ বিষয়ে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করবে। তাই প্রাণে বাঁচতে বাংলাদেশে অনুপ্রবেশেকারী রোহিঙ্গাদের আশ্রয় ও সহযোগিতার করার জন্য অনুরোধ জানান প্রতিবেশি দেশকে।
তিনি ভিডিও বার্তায় আরও বলেন, ‘আমাদের ওপর ৭০ বছরের বেশি ধরে জালেম মিয়ানমারের সরকার নির্যাতন চালিয়ে যাচ্ছে। সেটা আপনারা জানেন। এমনকি মানুষ হিসেবে আমাদের যে অধিকার রয়েছে, তা ছিনিয়ে নিয়েছে। তাই নির্যাতিত রোহিঙ্গাদের ওপর দয়া করবেন আশা করি। আর মিথ্যাবাদী মিয়ানমারের সরকারের কোনো কথা বিশ্বাস করবেন না।’
তবে এআরএসএর (আরসা) সঙ্গে আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী সংগঠনের সম্পৃক্ততা নেই উল্লেখ করে তিনি জানান, মিয়ানমার শাসকদের নির্যাতন থেকে সংখ্যালঘু রোহিঙ্গাদের মুক্ত করাই তাদের একমাত্র লক্ষ্য।
বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোর একাধিক সূত্র জানায়, ক্যাম্পগুলোতে এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির লোকজন রয়েছে। এছাড়া হারকাত আল-ইয়কিন নামে পরিচিত রোহিঙ্গাদের বিদ্রোহী সংগঠন চলতি বছরের মার্চ মাসে নাম পরিবর্তন করে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) নামে আত্মপ্রকাশ করে। এর প্রধান আতাউল্লা। আতাউল্লার জন্ম পাকিস্তানে। তার বাবা রাখাইন রাজ্য থেকে ধর্মীয় নিপীড়নে পাকিস্তানে অভিবাসী হয়েছিলেন। পরে তার পরিবার সৌদি আরবের মক্কায় বসবাস শুরু করে এবং সেখানেই আতাউল্লা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হন।











