বর্ষসেরা কোচের তালিকায় জিদান-এনরিকে-কন্তে
স্পোর্টস ডেস্ক :মাঠের খেলাটা ফুটবলাররা খেলেন। কিন্তু দলের ফরমেশন, ট্যাকটিকস নির্বাচন করেন কোচই। দলের সাফল্য, ব্যর্থতার সকল দায়ভারই নিতে হয় কোচকে। এখানে কেউ সফল, কেউ ব্যর্থ। এবার সফলতার মাপকাঠিতে শীর্ষে থাকবেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। ফরাসি কিংবদন্তীর সঙ্গে বর্ষসেরা কোচের প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছেন লুইস এনরিকে, অ্যান্টোনিও কন্তেসহ আরও নয়জন।
‘বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার অ্যাওয়ার্ডের’ এই তালিকায় শীর্ষে আছেন জিদান। গেল মৌসুমে রিয়ালকে মোট চারটি শিরোপা জিতিয়েছেন তিনি। তার অধীনে টানা চার মৌসুম পর স্প্যানিশ জায়ান্টরা ঘরে তুলেছে লা লিগা শিরোপা। টানা দুইবার জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ। এছাড়াও উয়েফা সুপার কাপ, ক্লাব ওয়ার্ল্ড কাপ ও স্প্যানিশ সুপার কাপ তো আছেই। দলগত সাফল্যে বাকি সবাইকে ছাপিয়ে বর্ষসেরা কোচের দৌড়ে জিদানকেই এগিয়ে রাখা হচ্ছে।
২০১৫ সালে ফিফা ও ফ্রান্সের ব্যালন ডি’অর আলাদা হয়ে যাওয়ার পর এই পুরস্কারের নাম দেওয়া হয় বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার অ্যাওয়ার্ড। গেল বছর এই পুরস্কারের প্রথম সংস্করণে সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন জিদান। কিন্তু সেবার বর্ষসেরা কোচের পুরস্কার ওঠে ইতিহাস গড়ে লেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতানো ক্লদিও রানিয়েরির হাতে।
চলতি বছরের জুন-জুলাইয়ে জার্মানিকে কনফেডারেশন্স কাপ জেতানো জোয়াকিম লোও আছেন বর্ষসেরা কোচের তালিকায়। গেল মৌসুমে বার্সেলোনাকে বড় কোনো শিরোপা জেতাতে পারেননি দলটির সাবেক কোচ লুইস এনরিকে। তবে বার্সাকে কোপা দেল’রে জিতিয়ে ঠিকই জায়গা করে নিয়েছেন সেরা কোচের প্রাথমিক তালিকায়। অ্যান্টোনিও কন্তে দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে চেলসি। সেরা কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন এই ইতালিয়ানও।
বর্ষসেরা কোচের দৌড়ে জিদানের সঙ্গে পাল্লা দেবেন চেলসি কোচ অ্যান্তোনিও কন্তে। ছবি: সংগৃহীত
বর্ষসেরা কোচের দৌড়ে জিদানের সঙ্গে পাল্লা দেবেন চেলসি কোচ অ্যান্তোনিও কন্তে। ছবি: সংগৃহীত
ফিফাভূক্ত সকল দেশের ফুটবল দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক ও ফিফার ওয়েবসাইটে নিবন্ধিত ফুটবল ভক্তদের ভোটে বেছে নেওয়া হবে সেরা কোচকে। ভোটগ্রহণ চলবে ২১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই ভোটের উপর ভিত্তি করে সেরা তিন কোচের তালিকা প্রকাশ করবে ফিফা। ২৩ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।
১২ কোচের প্রাথমিক তালিকা
ম্যাসিমিলিয়ানো আলেগ্রি (জুভেন্টাস), কার্লো আনচেলত্তি (বায়ার্ন মিউনিখ), অ্যান্টোনিও কন্তে (চেলসি), লুইস এনরিকে (সাবেক বার্সেলোনা কোচ), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি), লিওনার্দো জারদিম (এএস মোনাকো), জোয়াকিম লো (জার্মানি), হোসে মরিনহো (ম্যানচেস্টার ইউনাইটেড), মরিচিও পচেত্তিনো (টটেনহাম হটস্পার), দিয়েগো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), টিটে (ব্রাজিল), জিনেদিন জিদান (রিয়াল মাদ্রিদ)।











