সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সন্ধ্যার পর বালুবাহী জাহাজ চললে ব্যবস্থা’

news-image

নিজস্ব প্রতিবেদক : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, সন্ধ্যার পর যদি কোনো বালুবাহী জাহাজ নদীতে চলাচল করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ‘আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীদের সুষ্ঠু ও নিরাপদ চলাচল নিশ্চিতকরণে কর্মপন্থা গ্রহণ’শীর্ষক এক সভায় মন্ত্রী এ কথা বলেন।

সভায় বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ অভিযোগ জানিয়ে বলেন, নদীতে চলাচলকারী বাল্কহেডগুলো ঠিকমতো নৌ লেন না মানায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। বাল্কহেডের এক তৃতীয়াংশই পানির নিচে ডুবে থাকায় ২০ হাত দূর থেকেও অনেক সময় এগুলোকে দেখা যায় না। নদীপথকে দিন দিন ভয়াবহ ঝুঁকিপূর্ণ করে তুলছে বাল্কহেডগুলো। এ ছাড়া সন্ধ্যার পর চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকলেও নিয়ম-নীতির তোয়াক্কা করছে না বালুবাহী জাহাজগুলো। ফলে যাত্রীবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

পরে শাজাহান খান বলেন, ঈদের আগের পাঁচ দিন ও ঈদের পরের পাঁচ দিন কোনো ধরনের পণ্যবাহী জাহাজ চালানো যাবে না। আর স্বাভাবিক সময়ে রাতের বেলা যদি বালুবাহী জাহাজ নদীতে চলাচল করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, গত ঈদুল ফিতরের মতো এই ঈদেও যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে যা যা করণীয় তা আমাদের এখনই নিশ্চিত করতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে কেউ লঞ্চে উঠবেন না।

তিনি মালিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা দয়া করে লঞ্চের শ্রমিকদের কঠোরভাবে নির্দেশনা দেবেন, তারা যেন অতিরিক্ত যাত্রী লঞ্চে না ওঠায়।

মন্ত্রী বলেন, আজকের আলোচনায় অনেক বিষয় উঠে এসেছে, তার মধ্যে একটি হচ্ছে সদরঘাট ও মুন্সীগঞ্জে নৌকার মাধ্যমে চলন্ত লঞ্চে যাত্রী ওঠা। এভাবে যাত্রী ওঠালে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তাই নৌ-পুলিশ এবং কোস্টগার্ডদের নির্দেশনা দিচ্ছি, আপনারা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।

লঞ্চ মালিকরা ভাড়া বৃদ্ধির আহ্বান জানালে মন্ত্রী তাদের উদ্দেশে বলেন, সরকারি হিসেবে যে ভাড়া নির্ধারণ করা আছে, সেটাই আপাতত নিতে হবে। কারণ, ভাড়া বাড়ার একটা বিধান আছে। এর জন্য একটি কমিটি গঠন করতে হয়। তারা বিভিন্ন দিক হিসেব করে ভাড়া বাড়ায়। তা ছাড়া বর্তমানে যে ভাড়া আপনারা রাখছেন, তা সরকারি ভাড়ার থেকে কম। তাই আমি বলব, টিকিটের গায়ে স্পষ্ট করে আপনারা লিখে দেন, সরকারি ভাড়া কত আর আপনারা কত টাকা কম ভাড়া রাখছেন। তাহলে যাত্রীদের ভাড়া নিয়ে বিপাকে পড়তে হবে না।

বর্তমানে সরকারি যে ভাড়া আছে সেটা রাখলে মালিকদের লোকসান হবে না বলে মন্তব্য করেন মন্ত্রী।

সভায় ঈদের আগে দেশের বিভিন্ন স্থানে রাস্তা সংস্কার, ফেরি ঘাটের সংযোগ সড়ক সংস্কার কাজের বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা আহ্বান জানালে মন্ত্রী বলেন, আমি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলব এই বিষয়ে। আশা করছি, কিছু কিছু সমস্যা ঈদের আগেই সমাধান করতে পারব।

তিনি আরো বলেন, নদীর নাব্যতা বাড়াতে ড্রেজিংযের কাজ অব্যাহত থাকবে। যেখানে যেখানে দ্রুত ড্রেজিং করা দরকার, সেখানে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হবে।

লঞ্চ মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সদরঘাটে লঞ্চের টিকিট কাটার জন্য কাউন্টার করা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকল, আপনারা এই কাউন্টারের মাধ্যমে যাত্রীদের কাছে টিকিট বিক্রয় করুন। এতে কত সংখ্যক যাত্রী যাতায়াত করছে তার যথাযথ হিসাব পাওয়া যাবে।

সভায় উপস্থিত পুলিশ সুপার ও জেলা প্রশাসকগণ সংশ্লিষ্ট জেলায় ঈদ উপলক্ষে লঞ্চ বাড়ানোর দাবি জানান।

সভায় উপস্থিত ছিলেন- নৌপরিবহন সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এম মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জেলা প্রশাসক, পুলিশ সুপার, লঞ্চ মালিক সমিতির প্রতিনিধিরা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা