বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর বিক্রি হচ্ছে না ‘গান্ধী ব্র্যান্ড’

news-image

আন্তর্জাতিক ডেস্ক :১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকেই রাজনৈতিক শক্তি হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেস ও নেহেরু-গান্ধী পরিবার একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল। কিন্তু কালের আবহে আজ তা অনেকটাই মলিন। নেহেরু-ইন্দিরা জমানার পরে বর্তমানে প্রায় দূরবীন দিয়ে দেখার মতো অবস্থায় দাঁড়িয়েছে সোনিয়া-রাহুলের দল।

গত ২০১৪ সালে লোকসভা নির্বাচন থেকে এই দলটির যে রাজনৈতিক ক্ষয় শুরু হয়েছিল তা আজও অব্যাহত রয়েছে। শনিবার ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের প্রার্থী ভেঙ্কাইয়া নাইডুর কাছে বিপর্যস্ত হতে হয়েছে কংগ্রেসসহ বিরোধী দলগুলোর প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী। আর এই জয়ের ফলে এই প্রথম বারের মতো দেশটির তিনটি শীর্ষ পদের দায়িত্বে বসলেন বিজেপির প্রার্থীরা। উপরাষ্ট্রপতি ছাড়া বাকি দুটি পদে অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে রয়েছেন রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি নিজে।

স্বাভাবিকভাবেই ফের একবার প্রশ্নের মুখে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ‘গ্রেট গ্র্যান্ডসন’ ৪৭ বছর বয়স্ক রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে। ২০০৪ সালে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেয়ার পর থেকে সাফল্যের থেকে ব্যর্থতাই বেশি রাহুলের ঝুলিতে।

২০১৪ সালে তার নেতৃত্বেই লোকসভা নির্বাচনে অল আউট ঝাঁপিয়েছিল কংগ্রেস। কিন্তু ওই নির্বাচনে বিজেপির কাছে নাস্তানাবুদ হতে হয় জাতীয় কংগ্রেস। মাত্র ৪৪টি আসন পেয়েছিল তারা। ভারতীয় রাজনীতির ইতিহাসে সেবারই প্রথম এত কম আসন পায় এই উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি। এরপর থেকে দেশটিতে যে কয়টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার প্রায় প্রত্যেকটিতেই ভরাডুবির মুখ দেখতে হয়েছে হাত মার্কা শিবিরকে।

অতি সম্প্রতি ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনেও বিজেপির কাছে মুখ থুবড়ে পড়ে কংগ্রেস। ওই নির্বাচনেও রাহুলকে সামনে রেখেই নির্বাচনে লড়াই করেছিল কংগ্রেস।

রাজনৈতিক মহল বলছে এই মুহূর্তে দুইটি চরম সমস্যার মুখে দাঁড়িয়ে কংগ্রেস। একটি হলো নেতৃত্বের অভাব, দ্বিতীয়টি হলো ভবিষ্যতের জন্য দলটিতে কোনো উচ্চাকাঙ্ক্ষা বা সুসঙ্গত লক্ষ্য নেই।

ওয়াশিংটনভিত্তিক কারনেইজ এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস থিঙ্ক ট্যাঙ্ক-এর (দক্ষিণ এশিয়া) দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর মিলন বৈষ্ণব জানান চমকপ্রদ বিষয় হলো ২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলেও এই দুইটি জিনিসের অভাব পরিস্কার ভাবে ফুটে উঠেছে। অথচ তার পর থেকে এখনো পর্যন্ত ঘুরে দাঁড়ানোর কোনো চেষ্টাই করেনি। আর আগামী দিনে এই প্রবণতা চলতে থাকলে এই দলটি অস্তিত্ব সঙ্কটে পড়বে।

কংগ্রেসের কাছে আরো একটি অস্বস্তির কারণ হলো রাজ্যসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা হারানো। লোকসভায় সংখ্যাগরিষ্ঠ হলেও রাজ্যসভায় বরাবরই সংখ্যালঘু ছিল বিজেপি। অবশেষে প্রায় ৬৫ বছর পর গত ৪ আগস্ট রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ দল হয় বিজেপি। মধ্যপ্রদেশের কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সম্পাথিয়া উইকে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেয়ার পরই তাদের সাংসদ বেড়ে দাঁড়ায় ৫৮, কংগ্রেসের সাংসদ সংখ্যা কমে হয়েছে ৫৭।

স্বাধীনতার পরবর্তী ৭০ বছরের মধ্যে ৫০ বছরই দেশ শাসন করেছে কংগ্রেস। এর মধ্যে আবার বেশিরভাগই নেহেরু এবং তার বংশধররাই শাসন ক্ষমতার শীর্ষে ছিলেন। নেহেরুর মৃত্যুর পর তার মেয়ে ইন্দিরা গান্ধী এবং ইন্দিরার মৃত্যুর পর প্রধানমন্ত্রী হয়েছিলেন তারই ছেলে রাজীব গান্ধী। কিন্তু ২০১৪ সালের সাধারণ নির্বাচনে ভরাডুবির পরই দলের তথাকথিত ন্যাচারাল-বর্ন নেতাদের রাজনীতির বাইরের লোক বলেই মনে হচ্ছে। কংগ্রেসের নাম্বার টু রাহুল গান্ধী থেকে ইতালিতে জন্ম নেয়া তার মা এবং রাজীবের স্ত্রী সোনিয়া গান্ধী (৭০) কিংবা বোন প্রিয়াঙ্কা গান্ধী প্রত্যেকেই।

মুম্বাইভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক ও ‘স্বরাজ্য’ পত্রিকার সম্পাদকীয় পরিচালক আর. জগন্নাথন জানান বর্তমানে এমন অবস্থা হয়েছে যে পরিবারের কাছে দলের যতটা না প্রয়োজন তার থেকে দলের কাছে ওই পরিবারের প্রয়োজন বেশি বলে মনে হচ্ছে।

তিনি আরো জানান আমার মনে হয় গান্ধী নামটা এখন অতীত হয়ে গেছে। রাহুলের মা সোনিয়ার তবু দেশের রাজনীতিতে কিছুটা আগ্রহ ছিল কিন্তু রাহুলের সেটা একেবারেই দেখা যাচ্ছে না। তিনি (রাহুল) নেতৃত্বদানের ক্ষেত্রে একেবারেই অনুপযুক্ত।

গত মাসেই বিহারে মহাজোট (কংগ্রেস, আরজেডি, জেডিইউ) ছেড়ে বেরিয়ে বিজেপির হাত ধরে সরকার গঠন করে জেডিইউ’এর নীতিশ কুমার। অথচ আঞ্চলিক দলগুলোর সঙ্গে কথা বলে মহাজোট টিকিয়ে রাখার ব্যাপারে ন্যূনতম চেষ্টা করেননি রাহুল।

তবে দলের এই বিপর্যয়ে রাহুলের বিকল্প হিসেবে যে হাল ধরতে পারতো সেই প্রিয়াঙ্কা গান্ধীও কিছুটা চাপে। কারণ তার স্বামী রবার্ট ভদ্রর বিরুদ্ধেও সম্পত্তি গড়মিল নিয়ে অভিযোগ রয়েছে। ফলে প্রিয়াঙ্কাও প্রত্যক্ষভাবে দলের কোনো বড় দায়িত্ব নিতে রাজি নন।

আর বিরোধীদের ঐক্যের অভাবের কারণেই ভারতীয় রাজনীতিতে বিজেপি ও তার সঙ্গীরা তরতর করে এগিয়ে চলেছে। ভারতের ২৯ টি রাজ্যের মধ্যে বিজেপি এককভাবে ও জোটসঙ্গীকে নিয়ে সরকার চালাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষক আর জগন্নাথনের অভিমত, কংগ্রেসের মতো একদা প্রভাবশালী দলের উচিত প্রকৃত তৃণমূল স্তরের নেতাদের তুলে আনা।

যদিও এই অভিমত মানতে নারাজ ওয়াশিংটনভিত্তিক অ্যামেরিকান এন্টারপ্রাইজ ইন্সিটিউট-এর কর্মকর্তা সদানন্দ ধুমে। তার মতে দলে নেতৃত্বের পরিবর্তনে সমস্যা দেখা দিতে পারে। বরং কংগ্রেসের উচিত নেহেরু-গান্ধীর নির্ভরতা কাটিয়ে দলকে ওপরের দিকে তোলা।

এ জাতীয় আরও খবর