যৌন নিপীড়নের বিরুদ্ধে সরব হচ্ছে ইসরায়েলি নারী সেনারা
আন্তর্জাতিক ডেস্ক :সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সামরিক বাহিনী ‘ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) ক্ষমতাবান কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে ধর্ষণ ও যৌন নিপীড়নের। এতদিন ধরে দেশটির সামরিক বাহিনীর নারী সদস্যদের ওপর প্রায়ই এ ধরনের নিপীড়ন চললেও তা নিয়ে মুখ খোলেননি কেউ। কিন্তু এখন এর বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন তারা।
গত বছরের ডিসেম্বরে ধর্ষণের দায়ে দণ্ডিত দেশটির সাবেক প্রেসিডেন্ট মোশে কাতসাভকে প্যারোলে মুক্তি দেয়া হয়। সাত বছরের কারাদণ্ড হয়েছিল তার। এখন পর্যন্ত পাঁচ বছর জেলে কাটিয়েছেন কাতসাভ। তবে তারপরও নিজের অপরাধ নিয়ে কোনো অনুশোচনা দেখা যায়নি তার মধ্যে।
এর আগে গত বছরের জুলাইতে একই অভিযোগে আইডিএফ থেকে পদত্যাগ করেন ব্রিগেডিয়ার জেনারেল ওফেক বুখরিস। তার বিরুদ্ধে তরুণ এক নারী সেনা কর্মকর্তার সঙ্গে অনুমতি নিয়ে যৌন সম্পর্ক গড়ে তোলা ও আরেক নারী কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছিল। এসব অভিযোগ স্বীকার করে কারাদণ্ড ভোগের হাত থেকে রেহাই পান তিনি।
কিন্তু তখন বুখরিসকে এভাবে ছেড়ে দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করে ইসরায়েলি নারীরা। সামরিক বাহিনীর সদরদপ্তরের সামনে হয় এই বিক্ষোভ। এর আয়োজক নোগা শাহার নামের এক ব্যক্তি।
তিনি একজন বিচারকের শাস্তির উদাহরণ দিয়ে বার্তাসংস্থা এএফপিকে বলেন, এসব বিষয়ের প্রতিবাদ হওয়া উচিত। নোগা শাহার যে বিচারকের কথা বলেছেন, তার নাম ইতঝাক কোহেন। আদালতের এক নারী কর্মীকে জোর করে নিজের কোলে বসানো ও অনুমতি না নিয়ে তার ব্লাউজের নীচে স্পর্শ করার অভিযোগ আনা হয়েছিল কোহেনের বিরুদ্ধে। ওই অভিযোগের পর কোহেন তার পদ থেকে সরে যান।
পরে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন। ধারণা করা হচ্ছে, এতে তাকে কারাদণ্ড না দিয়ে কমিউনিটি সার্ভিসে অংশগ্রহণ ও ভুক্তভোগীকে ৬০০ ইউরো (প্রায় ৫০ হাজার টাকা) ক্ষতিপূরণ দিতে বলা হতে পারে।
সাবেক প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর ওই ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ইসরায়েল সরকারের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একজন সাংসদসহ আরো কয়েকজন ক্ষমতাবানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। নোগা শাহার বলেন, ‘এমন না যে হঠাৎ করে এসব অপরাধ বেড়ে গেছে। আসলে যেটা হয়েছে, মেয়েরা এখন আর এসব বিষয় লুকিয়ে রাখছে না। তারা সবাইকে জানাতে আগ্রহী হয়ে উঠেছে।’
ধর্ষণ প্রতিরোধ নিয়ে কাজ করা ইসরায়েলি সংস্থা ‘অ্যাসোসিয়েশন অব রেপ ক্রাইসিস সেন্টার্স ইন ইসরায়েল’র (এআরসিসিআই) নির্বাহী পরিচালক ওরিট সুলিতজেনু বলেন, তাদের মতো সেন্টার প্রতিষ্ঠিত হওয়ায় এবং মেয়েদের মধ্যে সচেতনতা বাড়ায় যৌন নিপীড়নের অভিযোগ সংখ্যা অনেক বেড়েছে। ২০১৫ সালে তারা ৯ হাজার ১৯৭টি অভিযোগ পেয়েছেন। ২০১০ সালে এই সংখ্যা ছিল ৭ হাজার ৮৫৮।
গো নিউজ২৪/ আরএস











