আফগানিস্তানে ন্যাটো বহরে আত্মঘাতী হামলা
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কান্দাহারে ন্যাটোর গাড়িবহরে আত্মঘাতী হামলা বোমা হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হামলায় হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র জিয়া দুররানি বলেছেন, ‘দুপুরের দিকে কান্দাহারের দামান এলাকায় বিদেশি সেনাদের একটি বহরে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।’
ন্যাটো এক বিবৃতিতে হামলা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে হামলায় হতাহত সেনাদের পরিচয় ও সংখ্যা নিশ্চিত করা হয়নি।
এতে বলা হয়েছে, ‘আমরা আরো তথ্য সংগ্রহের জন্য যৌথভাবে দ্রুত কাজ করছি এবং যথাসময়ে আরো তথ্য প্রকাশ করা হবে।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা দুটি বিদেশি গাড়িতে আগুন জ্বলতে দেখেছেন। ঘটনাস্থলে হতাহতদের সরিয়ে নিতে চারবার সামরিক হেলিকপ্টার নামতে দেখা গেছে।
তালেবানের পক্ষ থেকে এ হামলা দায় স্বীকার করা হয়েছে। তালেবানের মুখপাত্র কারি ইউসুফ আহমাদি জানিয়েছেন, দামান জেলার শহর আনদামে আফগান গোয়েন্দা কার্যালয়ের কাছে এ হামলা চালানো হয়েছে।











