পাকিস্তানে ‘সবাই’ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে চায়
আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য ১ আগস্ট জাতীয় পরিষদের অধিবেশ ডেকেছেন প্রেসিডেন্ট মামনুন হুসাইন। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে মুসলিম লীগের মনোনীত প্রার্থী শহীদ খাক্বান আব্বাসীরই এপদে নির্বাচিত হয়ে আসার কথা। কিন্তু সদ্যসাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ”পরিণাম” দেখে নিজেদের ”বিজয়ী” ভাবতে থাকা বিরোধীরাও বসে নেই। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে একক প্রার্থী মনোনীত করতে সোমবার বৈঠকে বসেছিল তারা এবং যথারীতি ঐকমত্যে পৌছতে ব্যর্থ হয়েছে। কেননা বিরোধী প্রতিটি দলেরই একজন করে প্রার্থী আছে এবং কেউই অন্যকে ছাড় দিতে নারাজ।
জানা গেছে, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে প্রস্তাব করেছে আওয়ামী মুসলিম লীগের নেতা শেখ রশিদের নাম। কিন্তু তাদের এ প্রস্তাবে পাকিস্তান মুসলিম লীগ-ক্বায়েদ ছাড়া আর কোনো দল সমর্থন দেয়নি। প্রধান বিরোধী দল পিপিপি প্রস্তাব করেছে খুরশিদ শাহ ও নাভিদ ক্বমরের নাম। অপরদিকে বিহারীদের দল এমকিউএম কিশওয়ার জেহরা এবং জামায়াতে ইসলামী সাহিবজাদা তারিকুল্লার নাম প্রস্তাব করেছে।
অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে আওয়ামী মুসলিম লীগের নেতা শেখ রশিদের নাম প্রস্তাব করার পক্ষে যুক্তি দেখিয়ে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলেছে, পানামা পেপারস মামলায় পিটিআই প্রধান ইমরান খান ও জামায়াতের আমীর সিরাজুল হকের পাশাপাশি শেখ রশিদ ”রাজনীতি ও আইনগত” উভয় ময়দানে লড়াই চালিয়ে গেছেন। কাজেই এই সম্মানটা (অন্তর্বর্তী প্রধানমন্ত্রী) তাঁর প্রাপ্য। যেহেতু ইমরান খান ও সিরাজুল হক প্রার্থী নন, তাই পিটিআই এ পদে শেখ রশিদকেই উপযুক্ত মনে করছে এবং সমর্থন দিচ্ছে।
পিপিপি মনোনীত দুই প্রার্থী খুরশিদ শাহ ও নাভিদ ক্বমর উভয়েই আশা প্রকাশ করেছেন যে বিরোধী দলগুলো একক প্রার্থী মনোনয়নে সক্ষম হবে।
এদিকে সরকারি দল মুসলিম লীগ মনোনীত প্রার্থী শহীদ খাক্বান আব্বাসী সোমবার জাতীয় পরিষদের সচিব জাওয়াদ রফিক মালিকের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচিত হলে আমি নওয়াজ শরিফের নীতিমালাই অনুসরণ করবো।
জয়ী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী আব্বাসী বলেন, আমার মন্ত্রীসভায় কারা থাকবেন, তা দলই নির্ধারণ করবে।











