জঙ্গি হামলায় সিরিয়াকে পেছনে ফেলল ভারত
আন্তর্জাতিক ডেস্ক :জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম ঘাঁটি যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। এছাড়া ঘাঁটি রয়েছে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদারও। তবুও জঙ্গি হামলার হিসাবে সিরিয়াকে পেছনে ফেলেছে ভারত। সন্ত্রাসবাদ সংক্রান্ত বার্ষিক মার্কিন প্রতিবেদনে এ পরিসংখ্যানই উঠে এসেছে।
‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম ২০১৬’ অনুযায়ী, ২০১৬ সালে জঙ্গি হামলার সংখ্যায় ভারত তৃতীয় স্থানে রয়েছে। প্রথমে রয়েছে ইরাক, দ্বিতীয় আফগানিস্তান।
প্রতিবেদনে বলা হয়, ভারতে জঙ্গি হামলা বেড়েছে অন্তত ১৬ শতাংশ। আর তাতে নিহতের সংখ্যা বেড়েছে ১৭ শতাংশ। বিশ্বে সে তুলনায় জঙ্গি হামলার হার কমেছে ৯ শতাংশ। আর সন্ত্রাসবাদী হামলায় বিশ্বজুড়ে নিহতের সংখ্যাও কমেছে ১৩ শতাংশ। আফগানিস্তান, সিরিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং ইয়েমেনে তুলনামূলকভাবে জঙ্গি হামলা কমেছে।
প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৬ সালে যেসব দেশ প্রচুর জঙ্গি হামলা এবং তার অভিঘাত সহ্য করেছে, তাদের মধ্যে ভারত আরো একটি দিক থেকেও এগিয়ে। ভারতে সক্রিয় জঙ্গিগোষ্ঠীর সংখ্যাও অন্য দেশের তুলনায় বেশি। এমন ৫২টি গোষ্ঠী রয়েছে এখানে। আর ভারতের মাটিতে এ ধরনের হামলার দুই তৃতীয়াংশের দায় চেপেছে মাওবাদীদের ওপর।
অন্যদিকে, মার্কিন প্রতিবেদনে যেসব জঙ্গিগোষ্ঠী সবচেয়ে বেশি হামলা চালায়, তাদের মধ্যে শীর্ষে আইএস, দ্বিতীয় তালিবান। মাওবাদীদের স্থান তৃতীয়। তাদের পরই রয়েছে বোকো হারাম।
তবে পণবন্দি বা অপহরণের ক্ষেত্রে পরিসংখ্যানগত দিক থেকে ভারতের হার কমেছে ৬৩ শতাংশ। ২০১৫ সালে যা ছিল ৮৬৬, পরের বছরে তা কমে দাঁড়িয়েছে ৩১৭ তে। ভারতের যেসব রাজ্যে বেশি জঙ্গি হামলা হয়েছে, সেগুলিও চিহ্নিত করা হয়েছে ওই প্রতিবেদনে। জম্মু কাশ্মীর (১৯ শতাংশ), ছত্তিশসগড় (১৮ শতাংশ), মণিপুর (১২ শতাংশ) এবং ঝাড়খণ্ড (১০ শতাংশ)। ২০১৬ সালে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা বেড়ে গিয়েছে ৯৩ শতাংশ। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার পত্রিকা











