এবার মেয়েদের জন্য আইপিএল আয়োজনের দাবি
স্পোর্টস ডেস্ক : ইতিহাসের দোড়গোড়ায় দাঁড়িয়ে আবারও স্বপ্নভঙ্গ হলো ভারতের নারী ক্রিকেট দলের। স্বাগতিক ইংল্যান্ডের কাছে ৯ রানে ম্যাচ হারলেও দেশবাসীর হৃদয় জিতে নিয়েছে ভারতীয় প্রমিলা ব্রিগেড। তাদের হাত ধরেই ভারতে নারী ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হয়ে গেল বলে মন্তব্য করছেন সবাই। তাই এবার ছেলেদের মত সমান সুযোগের দাবি উঠল দেশটির ক্রিকেটাঙ্গনে।
বিশ্বকাপ অভিযান শেষ হলেও নারী ক্রিকেটের প্রতি দেশবাসীর আগ্রহ ধরে রাখতে এবার আইপিএলের ধাঁচে নতুন টুর্নামেন্টের ডাক দিলেন ক্যাপ্টেন মিতালি রাজ। বিরাট কোহলি-রোহিত শর্মাদের মতেই হারমনপ্রীত-মান্ধানারাও মেয়েদের আইপিএলে দর্শকদের মাতিয়ে দিকে এমনটাই চাইছেন মেয়েদের ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক মিতালি।
ভারত অধিনায়ক বলেছেন, ‘ইংল্যান্ড বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটাররা পরের প্রজন্মের জন্য একটা ভিত তৈরী করে দিল। এটাই সঠিক সময় দলের প্রত্যেকেই বিশ্বকাপে চমৎকার পারফরম্যান্স করেছে। দর্শকরাও আমাদের পারফরম্যান্সে খুশি। সাফল্যকে ধরে রাখতে গেলে আরও বেশি টুর্নামেন্টের আয়োজন করা প্রয়োজন। তাই মেয়েদের জন্য আইপিএলের মতো টুর্নামেন্ট হলে ভারতে নারী ক্রিকেটের মান আরও উন্নত হবে। ‘
উল্লেখ্য, আইপিএলের ধাঁচে অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশ লিগে দাপটের সঙ্গে ব্যাটিং করেন ভারতীয় ব্যাটসম্যান হরমনপ্রীত কৌর। সিডনি থান্ডার্সের জার্সিতে ঝোড়ো ইনিংস খেলে অজি লিজেন্ড অ্যাডাম গিলক্রিস্টের প্রশংসাও পেয়েছেন পাঞ্জাবের কন্যা। বিদেশের লিগে চাপের মুখে খেলার অভিজ্ঞতা থেকেই সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭১ রানের ঝকঝকে ইনিংস উপহার দিয়েছেন কৌর।











