বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একটি টেস্ট খেলার আকুতি গেইলের

news-image

স্পোর্টস ডেস্ক :দীর্ঘ দিন পর ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে ফিরেছেন ক্রিস গেইল। ফেরার অপেক্ষায় আছেন ওয়ানডে দলেও। তবে তার আকুতি টেস্ট দলে ফেরার। এই ব্যাটিং তারকা জানিয়েছেন একটি টেস্ট খেলার আকুতির কথা। অবসর নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অন্তত একটি টেস্ট খেলতে চান তিনি। পাশাপাশি জানিয়েছেন টেস্টের প্রতি তার ভালোবাসার কথা।

সর্বশেষ ২০১৪ সালের সেপ্টেম্বরে টেস্ট খেলেছিলেন গেইল। এরপর থেকে টেস্ট দলে নেই তিনি। অথচ টেস্ট ক্রিকেটের ইতিহাসে যে চারজন ব্যাটসম্যানের ২টি করে ট্রিপল সেঞ্চুরি রয়েছে তার একজন গেইল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে নানা ঝামেলায় জড়িয়ে মাঝে মধ্যেই দলের বাইরে চলে যান।

টেস্ট নিয়ে গেইল বলেন, ‘আমি মনে করি টেস্ট ক্রিকেট সবচেয়ে মূল্যবান। টেস্ট ক্রিকেট পছন্দও করি আমি। ওয়েস্ট ইন্ডিজের হয় যখন আমি সাদা পোশাকে খেলেছিলাম সেটা ছিল আমার সবচেয়ে মূল্যবান সময়। সে সময় আমি কঠোর পরিশ্রম করেছি। দুটি ট্রিপল সেঞ্চুরি ও ৪০ এর উপরে গড় টেস্ট ক্রিকেটে আমার পরিচয় বহন করছে। আমি এখনো টেস্ট খেলতে চাই। শেষবারের মতো একটি টেস্ট হলেও খেলতে চাই। জানিনা এই বয়সে পাঁচদিনের ম্যাচ খেলতে আমার শরীর সায় দিবে কিনা। তবে আমি খেলতে চাই। আশা করছি শেষটাও বেশ ভালো হবে।’

২০০০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক হয় ক্রিস গেইলের। এরপর ২০১৪ সাল পর্যন্ত তিনি ১০৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। রান করেছেন ৭ হাজার ২১৪টি। সেঞ্চুরি রয়েছে ১৫টি। আর হাফ সেঞ্চুরি ৩৭টি। ১৫টি সেঞ্চুরির মধ্যে ২টি ট্রিপল, ১টি ডাবল সেঞ্চুরি রয়েছে। টেস্টে তার ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ ৩৩৩ রান। বল হাতেও কম যান না তিনি। ১০৩ টেস্টে বল করে উইকেট নিয়েছেন ৭৩টি।

এ জাতীয় আরও খবর