মসুলে ২৫০ আইএস জঙ্গি আটক
আন্তর্জাতিক ডেস্ক :ইরাকের মসুল নগরী থেকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ২৫০ জনেরও বেশি সদস্যকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে ইরাকের যৌথ কমান্ড। ৯ মাসের অভিযানে ওই নগরী পুরোপুরি আইএসমুক্ত হওয়ার পাঁচদিন পর এ খবর জানানো হয়।
বিবৃতিতে যৌথ কমান্ড জানায়, সেনাবাহিনীর হাতে মসুলের পতনের পর শত শত জঙ্গি ভূগর্ভস্থ টানেলে আশ্রয় নিয়েছিল। এসব টানেল শনাক্ত করার পর আইএসের কয়েকজন কমান্ডারসহ তাদেরকে আটক করা হয়।
গত ১০ জুলাই আইএসের হাত থেকে মসুল শহর পুনরুদ্ধারের আনুষ্ঠানিক ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি।
উল্লেখ্য, ২০১৪ সালে ইরাকের মসুল দখল করে খিলাফত ঘোষণা করেছিল আইএস। গত অক্টোবরে মসুল উদ্ধারে অভিযান শুরু করে ইরাকি বাহিনী। বিমান ও স্থল হামলার মধ্য দিয়ে তাদের সমর্থন দিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোট। তখন থেকেই ইরাকে কোণঠাসা হতে শুরু করেছিল আইএস।
এর প্রায় ১০০ দিন পর গত ১৯ ফেব্রুয়ারি টাইগ্রিস নদী দিয়ে বিভক্ত শহরটির পূর্ব অংশ থেকে আইএসকে পুরোপুরি নির্মূল করা হয়। এরপর পশ্চিম মসুলের পুরনো অংশে শক্তভাবে গেড়ে বসে এই জঙ্গিগোষ্ঠীটি। মসুলের এই অংশ পুনরুদ্ধার করতে প্রায় পাঁচ মাস সময় লেগে যায়।
এদিকে, পশ্চিম ইরাকের আল-আনবার প্রদেশের আল-কায়েম এলাকায় আইএস জঙ্গিরা তৎপর রয়েছে বলে গোপন সূত্রে খবর পাওয়ার পর তাদের চারটি অবস্থানে বোমাবর্ষণ করেছে ইরাকি জঙ্গিবিমান। এতে বেশ কয়েকজন জঙ্গি নিহত ও তাদের অস্ত্র ও গোলাবরুদ ধ্বংস হয়েছে। সূত্র: কুয়েত নিউজ এজেন্সি











