বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গো-রক্ষার নামে হত্যাকাণ্ড বন্ধে কেন ব্যর্থ মোদি?

news-image

গো-রক্ষার নামে সমানে চলেছে গণপিটুনি ও হত্যাকাণ্ড। কিন্তু কেন এ সব ঘটনা বন্ধ করতে পারছে না সরকার? প্রধানমন্ত্রী মোদীর কাছে এ প্রশ্ন ভারতের সুশিল সমাজের। ওদিকে গবাদি পশুর ব্যবসার ওপর নিষেধাজ্ঞা স্থগিত রেখেছে শীর্ষ আদালত।

গো-রক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী এ পর্যন্ত মাত্র কয়েকটি শব্দই খরচ করেছেন। গোমাংস বা গো-ব্যবসায়ীদের ওপর হামলা মেনে নেওয়া যায় না। তবে প্রধানমন্ত্রীর কাছে শুধু এ কথাই শুনতে চাওয়া হয়নি। জানতে চাওয়া হয়েছে কেন এ ধরনের ঘটনা ঘটছে? অন্য সম্প্রদায়ের মানুষের ওপর এই ধরনের হিংসা বন্ধ করতে তাঁর সরকার কী পদক্ষেপ নিয়েছে?

এক এনজিও-র জনমত সমীক্ষায় দেখা গেছে, ৯৭ শতাংশ গণপিটুনি এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে মোদী ক্ষমতায় আসার পর। গোটা ভারতে কয়েক সপ্তাহের ঘটনার দিকে তাকালেই ছবিটা দিনের আলোর মতো ফুটে উঠবে। উত্তর প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে গোরক্ষার নামে চলেছে একের পর এক হামলা এবং মানুষ খুন। বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রী গোরক্ষকদের বিরুদ্ধে কথা বললেও তাঁর সরকার প্রকারান্তরে গো-রক্ষক বাহিনীকেই প্রশ্রয় দিচ্ছে। গত মাসে হরিয়ানার বল্লভগড়ের কাছে ট্রেনে জুনেইদ খান নামে ১৫ বছরের এক মুসলিম কিশোরকে হত্যা করা হয়। একদল দুষ্কৃতি গোমাংস খাওয়া এবং গোহত্যা নিয়ে তর্কের জেরে জুনেইদকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। ধর্মীয় বিদ্বেষ থেকেই এই হত্যা বলে সন্দেহ। পুলিশ অবশ্য পরে হত্যাকারীকে মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার করে। কিন্তু এখানেই শেষ নয়। গত সপ্তাহেই দিল্লিতে লরিতে করে গরু নিয়ে যাওয়ার সময় সাতজন শ্রমিক গোরক্ষকদের হাতে গণপিটুনির শিকার হয়। কয়েকজনের আঘাত গুরুতর।

গত ২৯শে জুন ঝাড়খণ্ডের রাঁচির কাছে আলিমুদ্দিন আনসারি নামে একজন গরু ব্যবসায়ী গণপিটুনিতে প্রাণ হারান। ঐ মাসেই এক ডেয়ারি মালিকের ওপর শ-খানেক লোক চড়াও হয়। মারধর করে এবং তাঁর ঘরে আগুন লাগিয়ে দেয়। কারণ? তাঁর ঘরের কাছে পড়েছিল একটা মরা গরু। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে গত ২৪শে জুন তিনজন নির্মাণ শ্রমিককে পিটিয়ে খুন করা হয়। অভিযোগ তাঁরা নাকি গরু চুরি করে পাচার করছিল। এপ্রিল মাসে আসামে আবু হানিফা এবং রিজাউদ্দিন আলি গণপিটুনিতে মারা যায়। সন্দেহ, তাঁরা নাকি গরু চুরি ও পাচারের সঙ্গে জড়িত ছিল। পুলিশ অবশ্য অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে।

একই ধরনের ঘটনা ঘটে রাজস্থানের আলওয়ারে। ৫৫ বছর বয়সি পেহলু খানকে গরু পাচারকারী সন্দেহে এমনভাবে মারধর করা হয় যে, দু’দিন পর হাসপাতালে মারা যায় সে। হিন্দু মৌলবাদী সংগঠন হত্যাকারীকে বাহাবা দিয়েছে বলে শোনা গেছে। এহ বাহ্য, মোদীর রাজ্য গুজরাটের উনা শহরের দিকে যাওয়ার রাস্তার পাশে এক দলিত পরিবারকে মরা গরুর চামড়া ছাড়াতে দেখে সেই ছবি কেউ পোস্ট করলে তা ভাইরাল হয়। গৌ-রক্ষকদের দল সেখানে পৌঁছে তাঁদের বেধড়ক পেটায়। তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় দলিত সমাজে।

২০১৭ সালের প্রথম ছ’মাসে গোরক্ষকদের হাতে প্রাণ হারায় ২২ জন। এই ঘটনা ক্রমশই বেড়ে চলেছে। থামার লক্ষণ নেই। দেশের সুশীল সমাজ অভিযোগের আঙুল তুলেছে মোদীর গৈরিক সরকারের দিকে। বলেছে, গোরক্ষার নামে হামলার পেছনে সরকারি প্রশ্রয় রয়েছে। অথচ সুপ্রিম কোর্ট হালে জবাইয়ের জন্য গরু-মোষ কেনাবেচা নিষিদ্ধ করার সরকারি নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। দ্বিতীয়ত মোদী সরকারকে এটা বুঝতে হবে যে, গোমাংস ও চামড়ার ব্যবসা মুসলিম ও দলিত সম্প্রদায়ের পেশা বা জীবিকা। সেটা বন্ধ করা অযৌক্তিক। এর অভিঘাত দেশের অর্থনীতির ওপরও পড়বে। এই নিয়ে মুক্তমনা বুদ্ধিজীবীরা আওয়াজ তুললে সনাতন সংস্থা, বজরং দল, রাম সেনা, দুর্গা বাহিনী, হিন্দু জনজাগৃতি সমিতির মতো হিন্দু মৌলবাদী সংগঠনগুলি তাঁদের হত্যার হুমকি দেয়।

এটাকে একটু ভিন্ন দৃষ্টিতে বিচার করলেন ইন্ডিয়ান ইন্সিটিটিউট অফ সোশ্যাল স্টাডিজের অধ্যাপক বুদ্ধদেব ঘোষ। ডয়চে ভেলে তিনি বললেন, ‘‘সন্দেহ নেই যে এর পেছনে সরকারের প্রশ্রয় আছে। তবে এ কথা ঠিক অনেক জায়গায় গরু জবাই করা হয় অস্বাস্থ্যকর পরিবেশে। তাই সেটার সংস্কার দরকার। কিন্তু মাংস খেতে দেবো না, বিক্রি করতে পারবে না – এটা কেমন কথা?’’

বুদ্ধিজীবীদের প্রতিবাদ প্রসঙ্গে অধ্যাপক ঘোষ মনে করেন, বুদ্ধিজীবীদের অবস্থানও এক্ষেত্রে আলাদা। যেমন কুসংস্কার বা কুপ্রথা নিয়ে যখন কেউ কথা বলছেন, সেটা তিনি কুপ্রথা হিসেবেই বলছেন। সেটা গীতা বা মনুসংহিতায় লেখা আছে কিনা সেটা বড় কথা নয়। কিন্তু ‘‘মুসলিম বুদ্ধিজীবীদের মতে, কোরানে লেখা থাকলে সেটা কুপ্রথা বা কুসংস্কার হবে না। বরং না থাকলেই সেটা কুপ্রথা। এটাও ঠিক নয়। তাই প্রকাশ্যে এই নিয়ে বিতর্ক বা যুক্তিবাদী ব্যাখ্যা দেওয়া হোক। ধর্মের সঙ্গে সবকিছু জড়িয়ে ফেললে চলে না। ’’ ডয়চে ভেলেকে তাঁর মনের কথা এভাবেই জানালেন অধ্যাপক বুদ্ধদেব ঘোষ।

– ডিডাব্লিউ

এ জাতীয় আরও খবর

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা

জুনে বাংলাদেশে তাপপ্রবাহের তীব্রতা

বিশ্বকাপ মিশনে রোনালদো

কেশম দ্বীপে মার্কিন হামলা, উত্তেজনা বৃদ্ধি