ছাত্রলীগের সম্মেলন শিগগিরই, ইঙ্গিত কাদেরের
নিজস্ব প্রতিবেদক : শিগগিরই ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগের আগামী সম্মেলনের তারিখ ঘোষণা হতে পারে। এমন ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন ইঙ্গিত দেন।
ওবায়দুল কদের বলেন, আওয়ামী লীগের সম্মেলন যথাসময়েই হয়। কিন্তু বিশেষ বিশেষ পরিস্থিতিতে কিছুটা বিলম্বিত হয়। এই মুহূর্তে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি বিরাজ করছে। তবে আমরা আপনাদের এটুকু বলতে পারি, খুব বেশি বিলম্ব হবে না ছাত্রলীগের সম্মেলন। এ বিষয়ে শিগগিরই জানতে পারবেন।
তিনি আরো বলেন, ছাত্রলীগ আমাদের সহযোগী সংগঠন। তারাই ঠিক করবে, তাদের কার্যক্রম। আপনি কি চান আমি হস্তক্ষেপ করবো? এটি কি উচিৎ?
বুধবার ছাত্রলীগের সাধারণ সভায় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শুধু এটুকু বলি, ছাত্রলীগের মিটিংয়ে যে আলাপ আলোচনা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, সেটা আওয়ামী লীগেও হয়। আমাদের সম্পাদক মণ্ডলীর মিটিংয়েও আমরা বিতর্ক করি। বিতর্কই হচ্ছে গণতন্ত্রের প্রাণ। কথা বলার অধিকার দিতে হবে। মুখ বন্ধ করা যাবে না।
প্রতিবেশী দেশ ভারতের সাথে বিএনপির সম্পর্ক নিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, এখানেই তাদের চারিত্রিক বৈশিষ্ট। যখন দেশে নির্বাচনের হাওয়া বইছে, তখন স্বাভাবিক কারণে ভারতের একটু আশীর্বাদ পাওয়া যায় কিনা, ছায়া পাওয়া যায় কিনা সেজন্য একটু ভারত প্রীতির আলামত। জনগণ আমাদের মূল শক্তি। কোনো বিদেশী শক্তি আমাদেরকে ক্ষমতায় বসাবে এই আশায় বিএনপির মত অপেক্ষায় থাকি না।
এর আগে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে আওয়ামী লীগের সদ্য মনোনীত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের নাম ঘোষণা করেন এবং তাকে অভিন্দন জানান। একই সাথে দলের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে বিশিষ্ট নাট্যজন আতাউর রহমান ও সদস্য সচিব হিসেবে দলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।
সম্পাদক মণ্ডলীর সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মোজাম্মেল হক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপ-দপ্তর বিপ্লব বড়ুয়া প্রমুখ।











