বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিম অস্বীকার করছেন, কারণ…

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালকেরা বলছেন ঘটনাটা সত্যি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এসেছে, তামিম ইকবালের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইস্ট লন্ডনের স্ট্রাটফোর্ডে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। কিন্তু তামিম নিজে বলছেন, এ রকম কিছুই ঘটেনি! কাল সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, কিছু সংবাদমাধ্যমে আসা এসব খবর ঠিক নয়। তাঁর দেশে ফিরে আসার কারণ ব্যক্তিগত।

ফেসবুক ও টুইটারে বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার লিখেছেন, ‘সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, মৌসুম শেষ না করেই আমার এসেক্স থেকে ফিরে আসার কারণ ব্যক্তিগত। কিছু সংবাদমাধ্যমে লেখা হয়েছে আমরা “হেট ক্রাইমে”র শিকার হয়েছি। এটা আসলে সত্যি নয়।’ ইংল্যান্ড ক্রিকেট খেলার জন্য তাঁর অন্যতম প্রিয় জায়গা উল্লেখ করে তামিম আরও লিখেছেন, ‘ভক্ত ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ যে তাঁরা আমাকে নিয়ে ভেবেছেন, বার্তা পাঠিয়েছেন। ইংল্যান্ডে গিয়ে ভবিষ্যতেও ম্যাচ খেলার অপেক্ষায় থাকব আমি।’

ইংল্যান্ড থেকে গতকাল বিকেলে ঢাকায় ফিরেছেন তামিম। তাঁর কাছ থেকে আরও কিছু জানতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন অনেক গণমাধ্যমকর্মী। কিন্তু ভিআইপি গেট এড়িয়ে তামিম সাধারণ গেট দিয়ে বের হয়ে যাওয়ায় তাঁর সঙ্গে কারও দেখা হয়নি।

ইংল্যান্ডে যাওয়ার আগে থেকেই সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিল তামিম পরিবার। তামিমের অনুরোধে চেমসফোর্ডের এসেক্স কার্যালয় থেকে প্রায় ৩৫ মাইল দূরে স্ট্রাটফোর্ডের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তাঁদের থাকার ব্যবস্থা করে ক্লাবটি। ঘটনা ঘটেছে পূর্ব লন্ডনের ওই এলাকাতেই। পরশু বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, লন্ডনে তামিমের পরিবারকে কিছু লোক ধাওয়া করে এবং তাদের হাতে নাকি অ্যাসিডও ছিল। জানা গেছে আসল ব্যাপারটি। তামিমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত সোমবার রাতে একটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর কাছেই থাকা কিছু শ্বেতাঙ্গ তরুণ তামিম ও তাঁর পরিবারকে উদ্দেশ্য করে ‘অ্যাসিড, অ্যাসিড’ বলে চিৎকার করে ওঠে। ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে যান তামিমরা। ওই ঘটনায় আতঙ্কিত হয়েই তাঁরা ফিরে আসেন দেশে।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোও জানিয়েছে, তামিমের দেশে ফিরে আসার কারণ তাঁর স্ত্রীর প্রতি বর্ণবাদী আচরণ। এসেক্স কর্তৃপক্ষকে সোমবার একটি ‘বাদানুবাদে’ জড়ানোর ঘটনা জানান বাংলাদেশ দলের ওপেনার। তাঁর দেশে ফিরে আসার প্রস্তাবে এসেক্স রাজি হলেও ঘটনাটি প্রকাশ না করার সিদ্ধান্ত নেয় দুই পক্ষ। ক্রিকইনফো থেকে যোগাযোগ করা হলে সে কারণেই আগের দিন দেওয়া বিবৃতির বাইরে আর কিছু বলতে রাজি হননি এসেক্স কর্মকর্তারা। মুখ খুলছেন না তামিমও।

তা ছাড়া কাউন্টি ক্রিকেটে নিজের ভবিষ্যতের কথাও ভাবতে হচ্ছে তাঁকে। ইংল্যান্ড থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে না খেলে চলে এলে ভবিষ্যতে কোনো দল তাঁকে আর না-ও নিতে পারে, এই শঙ্কাও বিষয়টি অস্বীকার করার একটি কারণ বলে জানা গেছে। এসেক্স কর্তৃপক্ষ অবশ্য ঘটনার জন্য তামিমের কাছে দুঃখ প্রকাশ করেছে। আনুষ্ঠানিক বিবৃতিতেও তাঁর ‘ব্যক্তিগত গোপনীয়তা’র প্রতি সম্মান জানানোর অনুরোধ করেছে তারা।

তবে তামিমের চুপ থাকার সিদ্ধান্তে বিস্মিত বিসিবির কর্মকর্তারা। জানা গেছে, গত পরশু দুপুরে লন্ডন থেকে বিসিবি সভাপতির সঙ্গে মুঠোফোনে কথা বলেন তামিম। দেশে ফিরে আসার সিদ্ধান্তের কথা জানালে বোর্ড সভাপতি তাঁকে বলেন, প্রয়োজনে স্ত্রী ও সন্তানকে দেশে পাঠিয়ে দিতে। তবু তিনি যেন এসেক্সের সঙ্গে চুক্তি শেষ করে আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালক বলেন, ‘ও যদি ঘটনাটা অস্বীকারই করবে তাহলে চলে এল কেন? সভাপতি তাঁকে বলেছিলেন, বিষয়টা প্রকাশ করতে না চাইলে পরিবারকে দেশে পাঠিয়ে দিতে। কিন্তু ও যেন খেলে আসে।’ ঘটনার সুদূরপ্রসারী প্রভাব চিন্তা করে আরেক পরিচালকের মন্তব্য, ‘এটা নিরাপত্তার ব্যাপার। বিষয়টা তাই সবার জানা দরকার। আমাদের দেশে আসা নিয়ে অনেক দল আপত্তি করে। এখন তো প্রমাণ হয়ে গেল এ ধরনের ঘটনা যেকোনো দেশে ঘটতে পারে!’

এসব নিয়ে কথা বলতে কাল বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘তামিম আজকেই (গতকাল) দেশে ফিরল। ওর কাছ থেকে বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করা ঠিক হবে না।’

এ জাতীয় আরও খবর