বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেকে ‘হিটলার’ দাবি ১২৮ বছরের বৃদ্ধের!

news-image

আন্তর্জাতিক ডেস্ক :নিজেকে অ্যাডলফ হিটলার বলে দাবি করছেন হারমান গুটেনবার্গ। আর্জেন্টিনার ওই ব্যক্তির বয়স ১২৮। আর্জেন্টিনা এবং ল্যাটিন আমেরিকার সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়।
সম্প্রতি গুটেনবার্গ দাবি করেন, তিনিই অ্যাডলফ হিটলার। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসী বাহিনীর পরাজয়ের পর তিনি আর্জেন্টিনায় চলে আসেন। আত্মগোপন করতে নিজের নামও বদলে ফেলেন। শুধু তাই নয়, জার্মান গুপ্তচররা নাকি তার নামে পাসপোর্টও বানিয়ে দেয়।

তার আরো দাবি, দীর্ঘ ৭০ বছর ধরে তিনি যখন আত্মগোপন করেছিলেন, সে সময় ইসরাইলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর হিসেবে কাজ করেছেন। তার কাজ ছিল যুদ্ধপরাধী নাৎসি বাহিনীর শীর্ষ নেতাদের খুঁজে বের করা।

তবে, ওই বৃদ্ধের দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ মেলেনি। যদিও ইতিহাসবিদদের একটি ছোট অংশ দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর আর্জেন্টিনায় গা ঢাকা দিয়েছিলেন হিটলার। এই মতামতের পক্ষে একাধিক প্রমাণ এবং যুক্তি সামনে এনেছেন তারা।

এদিকে, গুটেনবার্গ যখন নিজেকে হিটলার বলে দাবি করে একের পর এক নানা দাবি, তথ্য সামনে আনছেন, তখন কিছুটা কাকতালীয়ভাবেই আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সের একটি বাড়ির গুপ্ত কুঠুরি থেকে মিলেছে নাৎসিদের ব্যবহৃত জিনিসপত্রের ভাণ্ডার। তাতে আলোচনা আরো জোরদার হয়েছে।

জানা যায়, গুটেনবার্গের খবরটি প্রথমে ‘ব্যঙ্গ’ করেই প্রকাশ করা হয়। তারপর তাতে নানা প্রশ্ন এবং যুক্তি জুড়ে আর্জেন্টিনা এবং ল্যাটিন আমেরিকার সংবাদমাধ্যম খবরটি করে। তাতে যদিও খবরটি বিশ্বাসযোগ্যতার জায়গায় পৌঁছায়নি। এদিকে, গুটেনবার্গের স্ত্রী অ্যাঞ্জেলা মার্টিনেজও তার স্বামীর দাবি মানতে নারাজ। তিনি জানান, তার স্বামী অ্যালঝাইমারসে আক্রান্ত হয়ে স্মৃতিভ্রংশের কারণেই এসব বলছেন।

এবেল বাস্তি নামে এক লেখক ২০১৬ সালের জুলাইয়ে ‘হিটলার ইন একজাইল’ (নির্বাসনে হিটলার) নামে একটি বই লিখেছিলেন। সেখানে লেখক দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর পরাজয়ের পর হিটলার আর্জেন্টিনায় চলে আসেন। সেখানে ১০ বছর আত্মগোপন করে থাকার পর তিনি নাকি প্যারাগুয়ে চলে যান। তবে, এবেল বাস্তির দেয়া তথ্য অনুযায়ী, ১৯৭১ সালের ৩ ফেব্রুয়ারি সেখানেই হিটলারের মৃত্যু হয়।

অনেকে আবার এর সঙ্গে এফবিআই-এর প্রকাশিত একটি রিপোর্টও প্রকাশ্যে আনেন। সেখানেও দাবি করা হয়, হিটলার মারা যাননি। তিনি আর্জেন্টিনায় পালিয়ে গিয়েছিলেন।

তবে যুক্তি-তর্কের ঊর্ধ্বে উঠে গুটেনবার্গের একটি দাবি অনেকেরই চোখ কপালে তুলে দিয়েছে। তিনি দাবি করেছেন, তার বয়স নাকি ১২৮। বেঁচে থাকলে ১৮৮৯ সালে জন্মানো হিটলারেরও একই বয়স হত। কিন্তু, এর সপক্ষেও কোনো প্রমাণ মেলেনি।

ওই বৃদ্ধ তার শেষ ইচ্ছের কথাও জানিয়েছেন। তিনি ‘আত্মজীবনী’ (অ্যাডলফ হিটলারের) লিখবেন। তার বিশ্বাস, এই আত্মজীবনী বিশ্বের মানুষের কাছে হিটলার সম্পর্কে অনেক ধারণা পাল্টে দেবে। সূত্র: আনন্দবাজার পত্রিকা