টেস্ট স্ট্যাটাস পেল আফগানিস্তান ও আয়ারল্যান্ড
স্পোর্টস ডেস্ক : ব্যাপারটি অনুমিতই ছিল। অবশেষে সেটিই বাস্তবে রূপ নিল। আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেল আফগানিস্তান ও আয়ারল্যান্ড। এই দুটি দেশকে টেস্টের স্ট্যাটাস দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার লন্ডনে আইসিসির বার্ষিক সভায় ভোটাভুটিতে আফগানিস্তান ও আয়ারল্যান্ড জয়লাভ করে টেস্টের মর্যাদা পায়।
২০০০ সালে আইসিসির দশম দেশ হিসেবে টেস্টের স্ট্যাটাস পায় বাংলাদেশ। ১৭ বছর পর আফগানিস্তান ১১তম এবং আয়ারল্যান্ড ১২তম দেশ হিসেবে টেস্টের স্বীকৃতি পেল।
গত সোমবার আইসিসির বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সভা শেষ হওয়ার একদিন আগে বৃহস্পতিবার আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে টেস্টের স্ট্যাটাস দেয়ার ঘোষণা দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
১৯৮২ সাল পর্যন্ত আইসিসির টেস্ট স্ট্যাটাসপ্রাপ্ত দেশের সংখ্যা ছিল সাতটি। ওই সময় শ্রীলঙ্কা এবং ১৯৯২ সালে জিম্বাবুয়ে টেস্টের মর্যাদা পায়। জিম্বাবুয়ের আট বছর পর টেস্টের স্বীকৃতি পায় বাংলাদেশ।
আফগানিস্তানের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক বেশ পুরনো। তবে ক্রিকেটবিশ্বে বলতে গেলে আফগানরা ‘মিনোজ’ই। ২০১১ সালে ওয়ানডে ক্রিকেটের স্ট্যাটাস পায় যুদ্ধবিধ্বস্ত দেশটি। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে গত মাসে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করা আফগানিস্তান।
ওয়ানডের মর্যাদা পাওয়ার দুই বছর পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আফগানিস্তানকে সহযোগী সদস্যের মর্যাদা দেয়। ২০১৫ সালের বিশ্বকাপে অংশ নেয় আফগানিস্তান। এর এক বছর পর ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতেও অংশ নেয় যুদ্ধবিধ্বস্ত দেশটি।
আন্তর্জাতিক ক্রিকেটে দিন দিন উন্নতি করছে আয়ারল্যান্ডও। ২০০৭ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেয় আইরিশরা। সেবার পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয় দেশটি। এরপর ২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপেও অংশ নেয় আয়ারল্যান্ড। ২০১১ বিশ্বকাপে তো ইংল্যান্ডকে হারিয়ে রূপকথার জন্ম দেয় আইরিশরা।











