কাশ্মীরে পুলিশ সদস্যসহ নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক :ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পৃথক সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন পুলিশ সদস্য, দু’জন বেসামরিক নাগরিক এবং দু’জন সন্দেহভাজন হামলাকারী। শনিবার এমনটিই জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়, শুক্রবার সকালে অনন্তনাগ জেলার আরওয়ানি গ্রামে লস্কর-ই-তৈয়্যবার কমান্ডার মাট্টু লুকিয়ে আছে- এ সংবাদের ভিত্তিতে সেনা, পুলিশ ও সিআরপি গ্রামটি ঘিরে ফেলে। এরপই শুরু হয় গোলাগুলি। এতে মাট্টু ও তার এক সঙ্গী মারা যায় বলে দাবি ভারতীয় বাহিনীর। গুলিতে নিহত হন দুই গ্রামবাসীও।
এই অভিযানের পর থেকেই দক্ষিণ কাশ্মীরের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়া।
কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা আঘাত হানে লস্কর-ই-তৈয়্যবা। বিকেলে এক স্টেশন হাউস অফিসারের (এসএইচও) নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট পুলিশের একটি টহল দলের ওপর আকস্মিক হামলা চালায় তারা। এতে টহল দলটির সব সদস্য নিহত হয়।
অন্তত ১৫ জন জঙ্গি এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পুলিশের ডিজি এস পি বৈদ। পরে লস্করের মুখপাত্র আবদুল্লা গজনভি বিবৃতি দিয়ে হামলার দায় স্বীকার করে। বিবৃতিতে বলা হয়, কমান্ডার মাট্টুর হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা। কাশ্মীর পুলিশ কাশ্মীরিদের গায়ে হাত তোলা বন্ধ না করলে এ ধরনের হামলা আরো চালাবে তারা।











