বারবার রক্তাক্তে আতঙ্কে ব্রিটিশরা
আন্তর্জাতিক ডেস্ক :বারবার রক্তাক্ত হচ্ছে ব্রিটেন। আড়াই মাসের মধ্যে তৃতীয়বারের মতো জঙ্গি হামলার শিকার হলো দেশটি। এর মধ্যে দুটি হামলাই দেশটির প্রাণকেন্দ্র লন্ডনে। সর্বশেষ গত শনিবার রাত ১০টা ১০ মিনিটে লন্ডন ব্রিজে তিন জঙ্গি পথচারীদের ওপর দ্রুতবেগে ধাবমান একটি ভ্যান তুলে এবং ছুরিকাঘাতের পর ধাওয়া করে। অন্তত সাতজনকে হত্যা করেছে তারা। গুরুতর আহত করেছে আরও ৪৮ জনকে। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কেন বারবার দেশটি জঙ্গিদের টার্গেটে পরিণত হচ্ছে? পাশাপাশি দেশটির নিরাপত্তা সংস্থার ব্যর্থতাও সবার সামনে নগ্ন হয়ে ধরা দিচ্ছে।
ব্রিটেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের অন্যতম সদস্য। মধ্যপ্রাচ্যে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) বিরোধী লড়াই চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। এ কারণেও গত কয়েক বছর ধরে ব্রিটেনের ওপর প্রতিশোধ নিতে মরিয়া আইএস জঙ্গিরা। যদিও আইএস এখনও সর্বশেষ লন্ডন ব্রিজ হামলার দায় স্বীকর করেনি। তাদের সংশ্লিষ্টতার বিষয়টি তাই কোনোভাবেই উড়িয়ে দেয়া যায় না।
আরেকটি দিক উল্লেখ না করলেই নয়, ব্রিটেন থেকে সিরিয়ায় যুদ্ধ করতে গেছে হাজারের বেশি আইএস সমর্থক, যাদের অর্ধেকের বেশি দেশে ফিরে এসেছে বলেও আশঙ্কা করছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। এদিকে দেশটিতে এখন সাড়ে তিন হাজার জঙ্গির আনাগোনা রয়েছে বলেও দাবি করেছে দেশটির চৌকস গোয়েন্দা সংস্থা এমআই৬।
এদিকে সিরিয়ায় রুশ বাহিনীর সহযোগিতা নিয়ে ক্ষমতাসীন বাশার আল আসাদের সেনাবাহিনী আইএসের ওপর তীব্র হামলা চালিয়ে অনেকটাই দুর্বল করে দিয়েছে। অন্যদিকে ইরাকেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের সহযোগিতা নিয়ে ইরাকি বাহিনী আঘাতের পর আঘাতে ছিন্নভিন্ন করে দিয়েছে দেশটিতে থাকা আইএসের প্রায় সব ঘাঁটি। এর ফলে আইএস এখন ভিন্ন কৌশলে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। আইএস পশ্চিমা দেশগুলো থেকে আসা জঙ্গিদের দেশে ফিরে গিয়ে বিচ্ছিন্ন বা ব্যক্তি প্রচেষ্টায় হামলা চালানোর উৎসাহ দিচ্ছে। পশ্চিমা দেশগুলোতে জঙ্গি হামলার তীব্রতা বাড়ার এটাও একটা বড় কারণ। ২০১৪ সালের মাঝামাঝি সময় থেকেই আইএস তাদের সমর্থক বা সদস্যদের পশ্চিমা দেশে গাড়ি হামলা চালাতে উৎসাহিত করে আসছে।
গত বছর পর্যন্ত ব্রিটেন আশঙ্কায় থাকলেও ছিল জঙ্গি হামলার বাইরে। কিন্তু এ বছর পর পর তিনটি বড় ধরনের হামলা ব্রিটেনকে কাঁপিয়ে গেল। সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হচ্ছে, ফ্রান্সের নিস, জার্মানির বার্লিন ও বেলজিয়ামের ব্রাসেলসের পর লন্ডনেও দুটি গাড়ি হামলা হলো। সঙ্গে বন্দুক নয়, শুধু ছুরি বা চাপাতি। সহজেই ধারণা করা যায়, এ ধরনের হামলায় প্রযুক্তি দক্ষতা, প্রস্তুতি ও দলগত সমন্বয়ের দরকার পড়ে না। তাই এমন কৌশলে সহজেই হমলা চালানো যায়। বন্দুক সংগ্রহের মতো কঠিন জটিলতার মধ্যেও তাদের যেতে হয় না। এর ফলে পুলিশের চোখ ফাঁকি দেয়া অনেক সহজ হয়ে পড়ে। জঙ্গিরা হয়তো আরও উস্কে উঠবে ভবিষ্যতে। কারণ, সবচেয়ে দক্ষ নিরাপত্তা বাহিনীকে ফাঁকি দিয়েও ব্রিটেনে একাধিক হামলা চালাতে সফল হচ্ছে জঙ্গিরা। এদিকে বোমা হামলার ঘটনার পর লন্ডনে থাকা পর্যটকরা আতঙ্কগ্রস্ত ও অসহায় হয়ে পড়েন। হামলার ঘটনাস্থল পুলিশ আটকে দেয়ায় অনেক পর্যটক রাস্তায় রাত কাটাতে বাধ্য হন। অনেকে রেস্টুরেন্টে খেতে গিয়েও আটকা পড়েন।











