বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই ১৭ মে-তেই বাংলাদেশ-নিউজিল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : ১৮ বছর আগে প্রথম বিশ্বকাপ ক্রিকেটে খেলেছিল বাংলাদেশ। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের অভিষেক ম্যাচে আমিনুল ইসলামের বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। তারিখটা ছিল ১৭ মে।
মজার ব্যাপার হচ্ছে, ১৮ বছর পর আজ ক্যালেন্ডারের পাতায় আরও এক ১৭ মে-তেও বাংলাদেশ খেলতে নামছে সেই নিউজিল্যান্ডেরই বিপক্ষে। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ খেলেছিল ইংল্যান্ডের চেমসফোর্ডে। আজ খেলবে ইংল্যান্ডের খুব কাছে আয়ারল্যান্ডের ডাবলিনে।
বিশ্বকাপের সেই ম্যাচটা বাংলাদেশ খুব ভালো করেনি। টসে হেরে ব্যাট করতে নেমে ১১৬ রানেই গুটিয়ে গিয়েছিল ইনিংস। ইংলিশ কন্ডিশনের অনভ্যস্ততা সেদিন ফুটে উঠেছিল বাংলাদেশের খেলায়। বাংলাদেশের ব্যাটসম্যানদের ওপর ছড়ি ঘুরিয়েছিলেন কিউই ফাস্ট বোলাররা।
জিওফ অ্যালট, ক্রিস কেয়ার্নস আর গেভিন লারসেনÑতিনজনই পেয়েছিলেন ৩টি করে উইকেট। ক্রিস হ্যারিস পেয়েছিলেন ১ উইকেট। ৪৯ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশের সম্মান বাঁচিয়েছিলেন এনামুল হক (১৯), নাঈমুর রহমান (১৮) আর হাসিবুল হোসেন (১৬)। আমিনুল ও আকরাম খানের ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ১৫ ও ১৬ রান।
বোলিংটা মোটামুটি ভালোই করেছিল বাংলাদেশ। ১১৬ রান পেরিয়ে যেতে নিউজিল্যান্ডের লেগেছিল ৩৩ ওভার। উইকেট হারাতে হয়েছিল ৪টি। ম্যাট হর্ন ৩৫ আর রজার টুজ করেছিলেন ৩০। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নিয়েছিলেন মঞ্জুরুল ইসলাম, হাসিবুল হোসেন, মোহাম্মদ রফিক ও নাঈমুর রহমান।
বিশ্বকাপের সেই ম্যাচটির পর নিউজিল্যান্ডের বিপক্ষে আরও ২৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু চেমসফোর্ডের সেই ম্যাচটির দিন কল্পনাও করা যায়নি এই নিউজিল্যান্ডই একসময় বাংলাদেশের বিপক্ষে টানা ৭ ম্যাচে হারবে। এই নিউজিল্যান্ডের বিপক্ষেই সবচেয়ে বেশি জয় তুলে নেবে আমিনুল-আকরামদের পরের প্রজন্ম।
আজ ডাবলিনে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একটি ম্যাচে মাঠে নামার আগে বিশ্বকাপের সেই ম্যাচ কিংবা ১৭ মে তারিখটা নিয়ে কোনো ভাবনা হয়তো থাকবেই না বাংলাদেশ শিবিরে। তবে এ বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে গিয়ে টানা হারের স্মৃতিটা কিন্তু ঠিকই মাথায় থাকবে মাশরাফিদের।
আজকের ম্যাচটি যে সেই দুঃখ ভুলিয়ে দেওয়ারই লড়াই।

এ জাতীয় আরও খবর