বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিশন বাস্তবায়নের সামর্থ নেই বিএনপির : তোফায়েল

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির দেয়া ভিশন ২০৩০ বাস্তবায়ন করার মত সামর্থ তাদের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার বিকেলে রাজধানীর শিল্পকলা মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে চার দিনব্যাপী সংবাদপত্র প্রদর্শনী ও আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তোফায়েল আহমেদবিএনপিকে উদ্দেশ্য করে বলেন, হাওয়া ভবন থেকে হুকুম দিয়ে যারা ২১ আগস্টের গ্রেনেড হামলা চালায়, আর যাই হোক তারা রূপকল্প বাস্তবায়ন করার সামর্থ তাদের নেই।

বিএনপির দেয়া ভিশন ২০৩০’র সমালোচনা করে তিনি বলেন, মনে রাখতে হবে শেখ হাসিনার ২০১৪ সালের নির্বাচন বানচাল করার জন্য খালেদা জিয়া অনেক ষড়যন্ত্র করেছে। তারা আবার রূপকল্প দেয়। ২০১৩ সালে যে ষড়যন্ত্র কারার চেষ্টা করেছিল তাতে তারা ব্যর্থ হয়েছিল। ২০১৪ সালে নির্বাচন পন্ড করার জন্য পুলিশ অফিসার মেরেছে, প্রিজাইডিং অফিসার মেরেছে, ৫০০ পুলিশ বুথ পুড়িয়ে দিয়ে এবং ৯৩ দিন হরতাল অবরোধ দিয়ে দেশকে পঙ্গু করার চেষ্টা করেছে। সেই নেত্রী দেয় ভিশন ২০৩০।

খালেদা জিয়া শেখ হাসিনাকে অনুসরণ ও অনুকরণ করছেন উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া তার ভিশন ২০৩০ দিয়েছেন। তিনি ২০০১ সালে ইলেকশন করেছেন। সেখানে তিনি কি কোনো লক্ষ্য নির্ধারণ করেছিলেন? না, করেননি। তিনি ৯৬-তেও ইলেকশন করেছিলেন। সেখানেও লক্ষ্য দেননি। ২০০৮ সালের নির্বাচনেও তার কোনো ভিশন ছিল না। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ কে অনুসরণ এবং অনুকরণ করেছেন। এটা হলো বাস্তবতা। আমি মনে করি ভালো জিনিসকে যদি কেউ অনুসরণ এবং অনুকরণ করে তাতে বাহাবা দেয়াই ভালো।

তিনি বলেন, আপনাদেরকে আমি উপদেশ দিই যে, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমরা কাজ করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ খালেদা জিয়া গ্রহণ করেছেন। তবে তিনি যে বলেছেন প্রদাধমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনবেন, এগুলো বিশ্বাসযোগ্য নয়।

তোফায়েল আহমেদ আরো বলেন, আমার ভাষায় একটি কথা বলি, খালেদা জিয়ার রূপকল্প দেয়ার আগে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। কারণ ২০০১ সালে ক্ষমতায় এসে যা করেছিলেন এটা আমরা করবো না। আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, আমাদের হাতে হাতকড়া পরিয়েছিলেন। আর মুজাহিদদের মন্ত্রী বানিয়েছিলেন।

সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে দিয়েছিলেন স্বাধীনতা। আর রাষ্ট্রনায়ক শেখ হাসিনা গত ৩৬ বছরে জাতিকে দিয়েছেন, আত্মপরিচয় আর মর্যাদা। জাতির পিতা যে স্বপ্ন আর আকঙ্ক্ষা নিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন, সেই আকাঙ্ক্ষাকে পূর্ণতা দিয়েছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।

তিনি আরো বলেন, বাংলাদেশ ভয়াবহ মৌলবাদী সন্ত্রাসের উত্থান দেখেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আবার তার শোচনীয় পরাজয় দেখেছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে। তাই বেগম খালেদা জিয়া রাষ্ট্রনায়ক শেখ হাসিনার চিন্তা-চেতনা অনুসরণ করে আজ নির্বাচনী ইশতিহার ঘোষণা করেছেন ভিশন-২০৩০ নামে।

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মঞ্জুরুল আলম শাহীনেরসঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, আব্দুস সাত্তার মাসুদ, জাকির হোসেন খান, আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক মুহা. বদিউল আলম, আসাদুল হক আসাদ, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, ঢাকা মহানগর যুবলীগ উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, ঢাকা মহানগর যুবলীগ সাংগঠনিক সম্পাদক সিদ্দিক বিশ্বাস, ঢাকা মহানগর দক্ষিণ সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, মোহাম্মদপুর জামে মসজিদের খতিব ফরহাদুল ইসলাম বুলবুলি প্রমুখ।

এ জাতীয় আরও খবর