লিটনের পর সেঞ্চুরি হাঁকালেন শান্তও
স্পোর্টস রিপোর্টার : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডে মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। সকালে লিটন কুমার দাস সেঞ্চুরি তুলে নেন। ১০৩ বলে ১৫টি চার ও ২ ছক্কায় ১৩৫ রানের ইনিংস খেলে আউট হন তিনি। লিটনের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্তও।
তিনি ১০০ বলে ১১০ রানের ইনিংস খেলে আউট হন। তার ইনিংসে ৩টি চারের পাশাপাশি ৬টি ছক্কার মার ছিল। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা শান্তর দ্বিতীয় সেঞ্চুরি। চলতি মৌসুমেই পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেবার ১০৯ বলে ১০১ রানের ইনিংস খেলেছিলেন। চলতি মৌসুমে ৪৯, ৪৫ ও ৩০ রানের ইনিংস খেলেছিলেন।
লিটন কুমার ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৬৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করেছে আবাহনী। জয়ের জন্য মোহামেডানকে করতে হবে ৩৬৭ রান!











