আইপিএল ঘিরে প্রতি রাতে কোটি টাকার জুয়া
স্পোর্টস ডেস্ক :ক্রিকেট মানেই রমরমা বাণিজ্য। তার সূত্র ধরে ভদ্রলোকের খেলা ক্রিকেটের গায়ে জুয়ার কলঙ্ক লেগেছে অনেক আগেই। ম্যাচ গড়াপেটা কিংবা স্পট ফিক্সিংয়ে জড়িয়ে ক্যারিয়ার বরবাদ হয়েছে অনেক খেলোয়াড়ের। তবে আড়ালের সর্বগ্রাসী সেই বাণিজ্য কেবল খেলোয়াড় বা কর্মকর্তার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তাতে জড়িয়েছে দর্শকরাও। তার জ্বরে এখন পুড়ছে বাংলাদেশের দর্শকরাও। যে টুর্নামেন্ট ঘিরে জুয়ার এই উন্মাদনা চলছে, তার নাম আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)। টি-টোয়েন্টি ক্রিকেটের ভারতীয় এই আসর ঘিরে জুয়াড়িদের মাধ্যমে হাতবদল হচ্ছে কোটি কোটি টাকা। মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে অভিজাত এলাকার বিভিন্ন ক্লাব কিংবা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটেও প্রকাশ্যেই চলে এই জুয়া। আর তার ফাঁদে পড়ে রাতারাতি নিঃস্ব হচ্ছে অসংখ্য মানুষ। জুয়ার টাকা নিয়ে বিরোধের জের ধরে হামলা, সংঘর্ষ এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে।
গত মঙ্গলবার রাতের ঘটনা। রাজধানীর খিলক্ষেতের আমতলা এলাকার একটি চায়ের দোকানের টেলিভিশনে আইপিএলের খেলা চলছিল। দিল্লি ডেয়ারডেভিলস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ। বলে বলে উত্তেজনা ছড়িয়ে পড়ছিল দোকান ঘিরে বসে থাকা দর্শকদের মধ্যে। কারণ একের পর এক বাজি চলছিল। খেলা চলা অবস্থায়ই একজন বলে উঠল, ‘এই বলে ওয়ার্নারের চার হবে। ২০ টাকা। কে আছে?’ আরেকজন বলল, ‘চার হবে না। ঠিক আছে ২০। ’ আরেকজন বলল, ‘ওয়ার্নার আউট। ৫০ টাকা, কেউ আছে? ঠিক আছে দুজনের লগেইৃ। ’ বোলার জহির খানের পরবর্তী বলে এক রান হলো। সঙ্গে সঙ্গে বাজি ধরা দুই ব্যক্তি বিজয়ীদের পাওনা টাকা দিয়ে দিল। পুরো ম্যাচেই চলল এমন বাজি।
শুধু খিলক্ষেতই নয়, রাজধানীর তেজগাঁও নাখালপাড়া, মোহাম্মদপুর, মালিবাগ, শান্তিনগর, পুরান ঢাকার বংশাল, লালবাগ, কামরাঙ্গীর চরসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে একই চিত্র।
ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, যশোর, নীলফামারী, কক্সবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তেও আইপিএল জুয়ায় মেতেছে অসংখ্য মানুষ। রাতারাতি টাকা বানাতে লোভের ফাঁদে পা দিচ্ছে তারা। পাড়া-মহল্লার চায়ের দোকান, সেলুন, অভিজাত এলাকার বিভিন্ন ক্লাবে চলে আইপিএল জুয়া। পাশাপাশি ‘বেট৩৬৫ ডটকম’সহ কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেও অবাধে চলছে জুয়া খেলা। হাতে হাতে কিংবা মোবাইল ফোনে বিকাশের মাধ্যমেও জুয়ার টাকা লেনদেন হয়। বড় জুয়াড়িরা টাকা লেনদেন করে অনলাইনে বা হুন্ডিতে।
জুয়ার টাকা লেনদেন নিয়ে বিরোধের জের ধরে প্রায়ই ঘটছে সংঘর্ষ। গত ৩ মে লালমনিরহাটে আইপিএলের জুয়া নিয়ে সংঘর্ষে আহত হয়েছিলেন সন্তোষ চন্দ্র নামের এক যুবক। গতকাল শনিবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। গত এপ্রিলের মাঝামাঝি নরসিংদীর মাধবদীতে জুয়ার টাকা নিয়ে বিরোধের জের ধরে ভজন চন্দ্র দাস নামের এক যুবককে হত্যা করা হয়েছে। গত ১২ এপ্রিল মুন্সীগঞ্জের শ্রীনগরে বাজির টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। গত বছর চট্টগ্রামের বাকলিয়ায় এবং তার আগের বছর রাজশাহী শহরে আইপিএল জুয়ায় নিঃস্ব হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় দুই যুবক।
আইনের চোখে খেলার নামে এমন জুয়া দ-নীয় অপরাধ। বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন (১৮৬৭ সালে প্রণীত) অনুযায়ী, যেকোনো ঘর, স্থান বা তাঁবু জুয়ার আসর হিসেবে ব্যবহৃত হলে তার মালিক বা রক্ষণাবেক্ষণকারী, জুয়ার ব্যবস্থাপক বা এতে কোনো সাহায্যকারী তিন মাসের কারাদ- বা অনূর্ধ্ব ২০০ টাকা জরিমানা অথবা উভয় দ-ে দ-িত হতে পারে। এ রকম কোনো ঘরে তাস, পাশা, কাউন্টার বা যেকোনো সরঞ্জামসহ কোনো ব্যক্তিকে খেলারত (জুয়ারত) বা উপস্থিত দেখতে পাওয়া গেলে সে এক মাস পর্যন্ত কারাদ- অথবা ১০০ টাকা অর্থদ- বা উভয় দ-ে দ-িত হতে পারে। পুলিশ জুয়ার সামগ্রীর খোঁজে যেকোনো সময় (বল প্রয়োগ করে হলেও) তল্লাশি চালাতে পারবে বলেও আইনে উল্লেখ রয়েছে।
তবে আইপিএল জুয়া বন্ধে প্রশাসনের তেমন কোনো নজরদারি নেই। মফস্বলে মাঝেমধ্যে দু-একটি অভিযান হলেও ঢাকায় জুয়া বন্ধে সচরাচর পুলিশের কোনো উদ্যোগ দেখা যায় না। গত বছর জুয়ার কয়েকটি অনলাইন ওয়েবসাইট বন্ধ করা হলেও এখনো সেগুলো প্রক্সি সার্ভারের মাধ্যমে চালু রয়েছে। পুলিশ কর্মকর্তারা অবশ্য বলছেন, সুর্নিদিষ্ট তথ্য পেলে তাঁরা জুয়ার আসরে অভিযান চালান।
আইপিএল ঘিরে এমন জুয়ার নেশা ছড়িয়ে পড়াকে সামাজিক ব্যাধি হিসেবে দেখছেন সমাজবিজ্ঞানীরা। তাঁদের মতে, এ ধরনের কর্মকা- নিয়ন্ত্রণ করা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা বলেন, ‘যখন খেলা অর্থের দিকে চলে যাচ্ছে তখন এর নেতিবাচক প্রভাব পড়ছে সমাজে। কারণ বাজিতে একটি পক্ষকে হারতে হয়। তাতে তারা ক্ষতিগ্রস্ত হয়। বড় ক্ষতির মুখে পড়ে আত্মহত্যার মতো ঘটনা আছে। টাকার জন্য অন্য অপরাধও হতে পারে। এই ক্ষতিকর প্রবণতা রুখতে রাষ্ট্রকেই উদ্যোগ নিতে হবে। ’
রাজধানীর কয়েকটি স্পট ঘুরে জানা গেছে, আইপিএল খেলা নিয়ে বিভিন্ন ধরনের বাজি চলে। সবচেয়ে বেশি টাকার জুয়া হয় মতিঝিল, উত্তরা, গুলিস্তান ও পুরান ঢাকার ক্লাবগুলোতে। ক্রিকেট খেলা ভালো বোঝে এমন তরুণরাই জুয়ার নেশায় পড়ছে বেশি। ১০-২০ টাকা থেকে শুরু করে লাখ টাকার বাজিতেও অংশ নিচ্ছে তারা।
ঠিকানা প্রকাশ না করার শর্তে জহিরুল নামের এক আইপিএল জুয়াড়ি বলেন, হরেক রকম বাজি হয়। নির্দিষ্ট কোনো বলে উইকেট পড়বে, সিঙ্গেল-ডাবল রান হবে, নাকি বাউন্ডারি হবে? কোনো ওভারে ১০ রানের কম বা বেশি হবে কি না, কিংবা উইকেট পড়বে কি না। ইনিংসে রানের পরিমাণ কিংবা খেলার ফলের ওপর বাজি হয়। ম্যাচে ভালো দলের পক্ষে বাজির হারও বেশি হয়। দরও বেশি ওঠে। ভালো দল হারলে টাকা যেমন বেশি যায়, তেমনি খারাপ দল জিতলে বেশি টাকা আসে।
নাম প্রকাশ না করার শর্তে বংশালের এক জুয়াড়ি বলেন, খেলার আগে সংশ্লিষ্ট অনেকের মধ্যে মোবাইল ফোনে বাজি নিয়ে কথা হয়। পরে বাজির বিষয় নির্ধারিত হয়। বাজির টাকা তৃতীয় ব্যক্তি বা মিডিয়ার কাছে বিকাশে পাঠাতে হয়। পরে যে বাজি জিতে তাকে টাকা দেওয়া হয়। এ ক্ষেত্রে তৃতীয় ওই পক্ষ ১০ শতাংশ কমিশন পায়। পুরান ঢাকায় এমন বেশ কিছু মিডিয়া আছে।
কবির নামের আরেক জুয়াড়ি বলেন, ‘আমার এক বন্ধু আছে সে গত বছর আইপিএলে ৫০ লাখ টাকা কামাই করেছে। তাকে দেখে আমি এবার খেলছি। ১০ হাজার টাকা গেছে, আর এখন পর্যন্ত পাইছি সাত হাজার টাকা। আমার মনে হয় বেশির ভাগই বাজিতে হারে। মোহাম্মদপুরের আমাদের মহল্লায় ১০-১৫ জন আছে, যারা বাজি খেলে। ’
মালিবাগের বাসিন্দা রহমত উল্লাহ বলেন, তাঁদের মহল্লার একটি গলির চায়ের দোকানে আইপিএল খেলা দেখার সময় প্রতি রাতেই বাজি হয়। প্রতি বলে যেমন বাজি হয়, তেমনি স্কোর ও খেলায় হারজিত নিয়েও বাজি ধরা হয়। ১০ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত বাজি চলে।
ঢাকার বাইরেও আইপিএল জুয়া এখন মাদকের নেশার মতো ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামের বাকলিয়া, ডিসি রোড, চকবাজার, খাতুনগঞ্জ-চাক্তাই, বহদ্দারহাট, আগ্রাবাদ, জিইসি মোড়, সদরঘাট এলাকায় নিয়মিত জুয়ার আসর বসছে। গত ১১ এপ্রিল রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকার মিজান নামের এক ব্যক্তির চায়ের দোকানের জুয়ার আসর থেকে সোহেল, হারুন ও রুবেল নামের তিন যুবককে আটক করেছে পুলিশ। বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আইপিএলের ম্যাচ নিয়ে তারা ওই দোকানে জুয়ার আসর বসায়। এক বলে কত রান হবে বা ওই বলে উইকেট পড়া না-পড়া নিয়ে জুয়া চলে ১০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। ওভারপ্রতি কত রান হবে তা নিয়ে ১০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্তও জুয়ার দর ওঠে।
রাজশাহী শহরের বিভিন্ন স্থানেও আইপিএলকে কেন্দ্র করে জুয়ার আসর বসছে। বাজিতে হেরে অনেকে নিঃস্ব হয়ে পথে বসছে। গত বছর আইপিএলের সময় জুয়ায় এক রাতে ২০ লাখ টাকা হেরে কীটনাশক পান করে আত্মহত্যা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র।
গত বছর বাংলাদেশের তিনটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, আইপিএল জুয়া খেলতে বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা যাচ্ছে যশোরে। ‘বেট৩৬৫ ডটকম’সহ কয়েকটি জুয়ার সাইটের মাধ্যমে চলা এ জুয়ার সঙ্গে যশোর ও ভারতের কয়েকজন জুয়াড়ি সরাসরি জড়িত। তারা হুন্ডি ও ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতিদিন যশোর থেকে মোটা অঙ্কের টাকা পাচার করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘বেট৩৬৫ ডটকম’ নামের যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইটে সব ধরনের খেলার আপডেটের পাশাপাশি বাজি ধরার প্রস্তাব দেওয়া হয়। সেখানেও চলে আইপিএলের বাজির হিড়িক। ক্রিকেট ঘিরে জুয়া খেলা হয়Ñগত বছর এমন ১২টি ওয়েবসাইট শনাক্ত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর সেগুলো বন্ধ করে দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনকে (বিটিআরসি) লিখিতভাবে জানায় ডিএমপি।
পরে ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়া হয়। তবে প্রক্সি সার্ভার দিয়ে এখনো সাইটগুলোতে ঢোকা যাচ্ছে এবং অবাধে জুয়া খেলাও চলছে। এর মধ্যে ‘বেট৩৬৫ ডটকম’ ছাড়াও আছে ‘৮৮৮স্পোর্ট ডটকম’, ‘বেটওয়ে ডটকম’, ‘বেটফ্রেড ডটকম’, ‘ডাফাবেট ডটকম’, ‘বেটফেয়ার ডটকম’, ‘ইউনিবেট ডটকম’, ‘বেটভিক্টর ডটকম’, ‘নেটবেট ডটকম’, ‘টাইটান বেট ডটকম’, ‘উইনার ডটকম’ ও ‘পেডিপাওয়ার ডটকম’।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, যদি অর্থ ব্যাংকিং চ্যানেলের বাইরে দিয়ে লেনদেন হয় তাহলে তা মানি লন্ডারিং আইনের (মুদ্রাপাচার) মধ্যে পড়বে। বাংলাদেশ ব্যাংক এ ধরনের অনৈতিক কার্যক্রম সম্পর্কে কার্যকর ব্যবস্থা নেবে।
ডিএমপির উপকমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘জুয়ার বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালাই। আইপিএল বা ক্রিকেট খেলা নিয়ে জুয়ার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পেলে অবশ্যই অভিযান চালানো হবে।











