বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অধিনায়ক হবেন কে?
স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের মূল পর্বের আগে ইংল্যান্ডে নিজেদেরকে প্রস্তুত করবার জন্য একটি কন্ডিশনিং ক্যাম্পের সাথে সাথে দুটো প্রস্তুতি ম্যাচও খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। তারই ধারাবাহিকতায় আগামীকাল সাসেক্স একাদশের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা।
স্ত্রী-পুত্রের অসুস্থতার কারণে এখনো ইংল্যান্ডে পৌছাননি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, পৌঁছাননি সাকিব আল হাসান কিংবা মুস্তাফিজুর রহমানও। মাশরাফির অনুপস্থিতে অধিনায়ক হবেন কে? প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্বের ভারটি এসে পরেছে উইকেটরক্ষক মুশফিকের কাঁধে। হোভে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।
দুর্ভাগ্য মুশফিকের, প্রথম প্রস্তুতিতে মুশফিকুর রহিমের নেতৃত্বে নরফোক একাদশের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৫ রানের বিশাল সংগ্রহ করেছিল সফরকারীরা। তবে, বৃষ্টির বাগড়ায় ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায়।
আগামীকাল নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষে করে ইংল্যান্ডে ১০ দিনের ক্যাম্প ছেড়ে ৭ মে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ দল। তবে আয়ারল্যান্ডে গিয়েও মাশরাফি বাহিনীদের হাতে থাকছে আরেকটি ম্যাচ। তবে মূল সিরিজ শুরু হবে ১২ মে । সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রথম ম্যাচের পর ১৭ মে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে মাশরাফির দল। ১৯ মে আয়ারল্যান্ড ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজ শেষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্দেশ্যে ২৫ মে ইংল্যান্ডে ফিরে যাবে বাংলাদেশ। প্রস্তুতি পর্বে ২৭ মে পাকিস্তান ও ৩০ মে ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ। এরপর এক থেকে ১৮ জুন পর্যন্ত চলবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।











