মুম্বাইয়ের নাটকীয় জয়
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে গুজরাট লায়ন্সের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। শনিবার (২৯ এপ্রিল) রাতে শান কিশানের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে গুজরাট। জবাব দিতে নেমে নির্ধারিত ১৫৩ রানে মুম্বাই গুটিয়ে গেলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে মুম্বাই ইন্ডিয়ান্স রান করে ১১। ১২ রানের টার্গেটে গুজরাট লায়ন্স ব্যাট করতে নেমে সংগ্রহ করে ৬ রান। ফলে ৫ রানের নাটকীয় জয় পায় মুম্বাই। টস জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় গুজরাট। ব্যতিক্রম ছিলেন ইশান কিশান। ৩৫ বলে খেলেছেন ৪৮ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান রবীন্দ্র জাদেজার।
এছাড়া আদিত্য তোরে ২৫ এবং জেমস ফকনারের ব্যাট থেকে আসে ২১ রান। মুম্বাইয়ের হয়ে ৩ উইকেট নিয়েছেন ক্রনাল পান্ডিয়া। এছাড়া লাসিথ মালিঙ্গা ও জসপ্রীত বুমরাহ নিয়েছেন দুটি করে উইকেট। হরভজন সিং নিয়েছেন একটি উইকেট। জবাব দিতে নেমে পার্থিব প্যাটেল ৪৪ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেললেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচ নিষ্পতিহীনভাবে শেষ হয়। এরপর টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি ১ ওভারের সুপার ওভারে ৫ রানে জিতে পূর্ণ দুই পয়েন্ট পকেটে ভরে নেয় মুম্বাই।











