বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিবার্তা সম্মাননা পাচ্ছেন জুনাইদ আহমেদ পলক

news-image

 

নিজস্ব প্রতিবেদক : তথ্যপ্রযুক্তির সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রত্যয়ী মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য জুনাইদ আহমেদ পলক। যিনি নিজের মন্ত্রিত্বকে দেখছেন তারুণ্যের প্রতি আস্থা ধরে রাখার চ্যালেঞ্জ হিসেবে।

তাঁর ভাষায়, আমাকে যে কোনো মূল্যে সফল হতে হবে। বয়স কম হলেও নেত্রী আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন। আমি ব্যর্থ হলে ভবিষ্যতে আর কেউ তরুণদের সামনে আনবে না, বড় কোনো দায়িত্ব দেবে না। তাই সফল আমাকে হতেই হবে।

আত্মপ্রত্যয়ী রাজনীতির এই তরুণ তুর্কিকে সম্মাননা জানাবে বিবার্তা। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা২৪.নেট এবারও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মোট দশটি ক্যাটাগরিতে ১১জনকে সম্মাননা দেবে আগামী ২ মে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ‘তথ্য ও প্রযুক্তি’ ক্যাটাগরিতে বিবার্তা সম্মাননা পাচ্ছেন।

২০১৬ সালের মার্চে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জুনাইদ আহমেদ পলককে ইয়াং গ্লোবাল লিডার ২০১৬ হিসেবে মনোনীত করে। ৪০ বছরের কম বয়সী তরুণদের নাম প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। সাউথ এশিয়া রিজিয়নে তাঁকে মনোনয়ন দেয়া হয়।

জুনাইদ আহমেদ পলক আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের নাটোর জেলার সিংড়া উপজেলা থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য।২০১৩ সালের ২২ জানুয়ারি নির্বাচিত সরকারের সংসদ সদস্য এবং ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৮০ সালের ১৭ মে নাটোরের সিংড়া উপজেলার সেরকোল তেলিগ্রামে তার জন্ম। বাবার নাম ফয়েজ উদ্দিন এবং মায়ের নাম জামিলা আহমেদ। তিনি ১৯৯৫ সালে সিংড়া দমদমা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৭ সালে রাজশাহী ওল্ড ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন।

প্রতিমন্ত্রী হিসেবে আওয়ামী লীগ সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ গড়ার দায়িত্ব পড়েছে তার কাঁধে। এ লক্ষ্যে তিনি ডিজিটাল বাংলাদেশের আইকন হিসেবে গড়ে তুলতে ১৯৯৯ সালে পাস হওয়া গাজীপুরের কালিয়াকৈরের হাই টেক পার্ক প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে শেষ করতে চান।

তাঁর ভাষায়, আমাদের দেশ হচ্ছে তৃতীয় বৃহত্তম ফ্রি ল্যান্সারের দেশ। এই প্রকল্প বাস্তবায়ন হলে এটি আমাদের তথ্যপ্রযুক্তি বিকাশের মডেল হিসাবে বিবেচিত হবে।

একটি প্রকল্পের মাধ্যমে ৬৪টি জেলার এক লাখ গ্রামীণ নারীকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার পরিকল্পনা রয়েছে বলেও জানান জুনা্ইদ আহমেদ পলক। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ তৈরি করে তাদের জন্য খুব কম সুদে ব্যাংকঋণের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তির উন্নয়নে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তরুণ মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তাঁর নিরলস শ্রমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও প্রযুক্তির সেবা পৌঁছে দেয়া সম্ভব হয়েছে।

বিভিন্ন সামাজিক যোগাযোগসাইটেও বেশ সক্রিয় এই তরুণ মন্ত্রী। নিজের ওয়েবসাইটও নিয়মিত আপডেট করেন তিনি। বাংলাদেশের আইসিটি ভিশন-২০২১ পূরণের লক্ষ্যে বিভিন্ন কারিগরি ও আইসিটি উদ্যোগেরও তদারকি করেন।

এ জাতীয় আরও খবর