বিদ্যুতের ফলে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার : পলক
নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির ফলে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার হয়েছে।
শনিবার সিংড়া উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের কৈগ্রামে ১০০শত বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
পলক বলেন, বিদ্যুৎ সংযোগ গ্রহণ করে গ্রামীণ জনপদের মানুষেরা উন্নয়নমূলক নানা রকম কার্যক্রমে নিজেদের নিয়োজিত করতে পেরেছেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পেয়ে ১২ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির সুফল হিসেবে সিংড়া উপজেলায় গত ৮ বছরে ৩৫ হাজার গ্রাহকের বাড়িতে নতুন সংযোগ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সরকারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনায় ২০১৮ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।
রামানন্দ-খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার সরকারের সভাপতিত্বে বিদ্যুতায়ন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ ও সহ-সভাপতি আব্দুল ওয়াদুদু মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্দ্রিস আলী প্রমুখ।
প্রায় ২৩ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে ইউনিয়নের ১.৬৯ কিমি লাইন নির্মাণের মাধ্যমে কৈগ্রাম, নলপুকুরিয়া, আনুলিয়া পাড়া ও কয়াপাড়া গ্রামের ১০০টি পরিবারে নতুন বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে।
এর আগে প্রতিমন্ত্রী থেলকুর-মালকুর পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও থাওইল চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।











