বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরে যাচ্ছেন অর্থমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ‘আমি ২০১৮ সালে অবসরে যাব। আমি মনে করি এটা একটা ভালো সময়। তখন আমার বয়স হবে ৮৫ বছর।’ গতকাল বুধবার বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) লভ্যাংশ হস্তান্তর শেষে মন্ত্রীত্ব ছেড়ে অবসরে যাওয়ার কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

৮৪ বছরের মুহিত এরই মধ্যে ঘোষণা করেছেন তিনি আগামী সংসদ নির্বাচনেও অংশ নেবেন না। শেষ বয়সে এসে ১৮ ঘণ্টা কাজ করতে হয় বলেও জানিয়েছেন তিনি।

মুহিত বলেন, আমাদের প্রবৃদ্ধিতে তেমন আপ-ডাউন নেই। ভারতে প্রায়ই আপ-ডাউন হয়। আমাদের প্রবৃদ্ধির লক্ষ্য সাত দশমিক দুই। আশা করি আমরা সেটা অচিরেই অর্জন করতে পারব। বাংলাদেশ হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি থেকে বের হয়ে এসেছে। এই দেশে হরতাল আর কেউ ডাকবে না বলেই আশা। ২০১৬ সাল অনেক ভালো কেটেছে। দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল ছিল। ব্যবসা-বাণিজ্যও ভালো হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি এখন যে দিকে যাচ্ছে তাতে প্রবৃদ্ধি বাড়বেই। মানুষের আয়-ইনকাম বাড়ছে। সে কারণেই দ্যাট হ্যাজ বিন টোটাললি এক্সসটেড। আমরা ইতোমধ্যেই মধ্যম আয়ের দেশ হয়ে গেছি। ২০২৪ সালে মধ্যম আয়ের দেশের সিল লাগবে। সেটা আনুষ্ঠানিকতা।

মুহিত আরও বলেন, বাংলাদেশে চতুর্থ প্রজন্মের মোবাইল সেবা ফোর-জি চালু করতে চলতি অর্থবছরের মধ্যে নিলাম সম্পন্ন হবে। আমি আশা করছি, আরেকটা সিদ্ধান্ত এবারই ঘোষণা করব, যার ফল আগামী বছর পাওয়া যাবে। যাতে আমরা আরও কিছু টাকা-পয়সা পাব। একটা বড় আয়ের উৎস হলো বিটিআরসি। সেখানে আমরা তরঙ্গ ভাগ করে দেই, আর সেখান থেকে বড় টাকা পাই।

এর আগে সরকারি কোষাগারে ১৫১ কোটি ২৫ লাখ টাকা জমা দেয় আইডিআরএ ও আইসিবি। এর মধ্যে তহবিলের উদ্বৃত্ত অর্থ থেকে আইডিআরএ ১০০ কোটি এবং আইসিবি ৫১ কোটি ২৫ লাখ টাকা দিয়েছে।

এ জাতীয় আরও খবর