ট্রাম্প-জিনপিং বৈঠকের আগে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ.কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক :আবারো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বুধবার ভোরে দেশটির পূর্বাঞ্চলীয় বন্দর সিনপো থেকে জাপান সাগরের দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি এ খবর জানায়।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের মাত্র ৪৮ ঘণ্টা আগে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো। উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উভয় প্রেসিডেন্ট আলোচনা করবেন বলে জানা যায়।
সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের সিনপো অঞ্চল থেকে পূর্ব সাগরে এটি ছোঁড়া হয়ে। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণস্থল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত উড়ে গেছে। সিনপো বন্দরে উত্তর কোরিয়ার ডুবোজাহাজ ঘাঁটি রয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় মার্কিন সামরিক কমান্ড এক বিবৃতিতে একে ‘সম্ভবত’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে উল্লেখ করেছে। এটি মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র কেএন-১৫ হতে পারে বলে বিবৃতিতে বলা হয়। ভূমিতে অবস্থিত স্থাপনা থেকে এটি ছোঁড়া হয়েছে।
গত আগস্টে ডুবোজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এটি সিনপোর কাছাকাছি এলাকা থেকে ছোঁড়া হয়েছিল। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩০০ মাইল পাড়ি দিয়ে জাপানের প্রতিরক্ষা এলাকার মধ্যে গিয়ে সাগরে পড়েছিল।
উল্লেখ্য, জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া একের পর পরমাণু অস্ত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত মাসেই শক্তিশালী রকেট প্রযুক্তি তৈরির দাবি জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, এই প্রযুক্তিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জন্য ব্যবহার করা হতে পারে। তবে উত্তর কোরিয়ার দাবি, এই প্রযুক্তি তাদের মহাকাশ কর্মসূচিতে ব্যবহার করা হবে।











