নিজেকে ‘শান্তির রক্ষক’ দাবি করলেন এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক :সংবিধান সংশোধনের পক্ষে কুর্দিদের সমর্থন পেতে নিজেকে শান্তির রক্ষক হিসেবে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শনিবার একটি সমাবেশে যোগ দিয়ে তিনি এ দাবি করেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এরদোয়ান বলেন, পিকেকের সমর্থকরা শান্তি, শান্তি, শান্তি বলে চিৎকার করছে। খালি কথায় কি শান্তি আসে? যারা অস্ত্রহাতে হেঁটে বেড়ায় তাদের সঙ্গে কি শান্তি স্থাপন করা যায়? আমরাই শান্তির রক্ষক, আমরাই স্বাধীনতার রক্ষক।
এরদোয়ান আরও বলেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চাই। তবে আমাদের শর্ত একটাই, কোনও ধরনের অস্ত্র বহন করা যাবে না।
সমাবেশে এরদোয়ান জানান, দুর্বল জোট সরকার গঠনের ধারা এড়াতে তুরস্কের প্রয়োজন শক্তিশালী প্রেসিডেন্ট।
তুরস্ককে ‘পূর্ণ প্রেসিডেন্ট শাসিত’ রাজনৈতিক ব্যবস্থায় ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে চলতি বছরের এপ্রিলে দেশটিতে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে এরদোয়ানের নির্বাহী ক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) স্বাধীন কুর্দিস্তানের জন্য সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে। প্রায় দুই বছরের অস্ত্রবিরতি চুক্তি গত বছর জুলাইয়ে ভেঙে পড়লে কুর্দি অধ্যুষিত অঞ্চল তুরস্কের দক্ষিণে সহিংসতা বৃদ্ধি পায়। ২০১৫ সাল থেকে পুলিশ ও সামরিক চৌকিগুলো লক্ষ্য করে অনেকগুলো হামলা চালিয়েছে পিকেকে। আর ১৯৮৪ সালে পিকেকে হাতে অস্ত্র তুলে নেওয়ার পর থেকে বিভিন্ন সহিংসতায় ৪০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক হামলাগুলোতে তাই তুরস্কের তরফ থেকে পিকেকে-কেই দায়ী করা হয়ে থাকে। সূত্র: রয়টার্স।











