প্রধানমন্ত্রীর ভারত সফর: স্বার্থ বিরোধী চুক্তি হলে কর্মসূচি দেবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে জাতীয় স্বার্থ বিরোধী কোনো চুক্তি হলে তার প্রতিবাদে কর্মসূচি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সফরের আগে দলটি এ ধরনের কোনো চুক্তি না করতে সরকারের প্রতি আহ্বান জানাবে।
আজ রোববার রাত রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে স্থায়ী কমিটির দুই সদস্য প্রথম আলোকে জানিয়েছেন। রাত নয়টার দিকে শুরু হয়ে দু ঘণ্টা ধরে চলে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানানো হবে।
নাম না প্রকাশের শর্তে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ক্রমান্বয়ে বিএনপি বিভিন্ন বিষয়ে জনসম্পৃক্ততা বাড়াবে; নির্যাতন, হামলা-হামলার প্রতিবাদে কর্মসূচি দেবে। এখন সাংগঠনিক কিছু সমস্যা আছে, সেগুলোর সমাধান করে দেশব্যাপী কিছু কর্মকাণ্ড দেওয়া হবে। এসব কর্মসূচি দেওয়া হবে আগামী মাস থেকে।
বিএনপির স্থায়ী কমিটির অপর এক সদস্য বলেন, ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যার নিন্দা জানানো হয়েছে। তার হত্যার প্রতিবাদে কর্মসূচির দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দলের স্থায়ী কমিটি মনে করেন, ফলাফল সন্তোষজনক। কারচুপি না হলে ব্যবধান অনেক বড় হতো। এ নির্বাচনে ইসি নিরপেক্ষতা বজায় রাখতে পারে নাই।
ঢাকা চলমান আইপিইউ সম্মেলন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। আলোচনায় নেতারা বলেন, এ সংসদ ‘অনির্বাচিত’, যিনি এর প্রধান তিনিও অনির্বাচিত। তবে এ বক্তব্য তারা প্রকাশ করবেন কি না তা নিয়ে ধোঁয়াশা আছে।
খালেদা জিয়ার সভাপতিত্বে মাহবুবুর রহমান, মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, মঈন খান, তরিকুল ইসলাম, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।











