মনিরুল হক সাক্কুকে খালেদা জিয়ার ফোন
নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে বিজয়ী বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। সাক্কুর সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি।
একই সঙ্গে ধানের শীষে ভোট দিয়ে সাক্কুকে ফের মেয়র হিসেবে বিজয়ী করায় কুসিকের জনগণ ও ভোটারদেরও অভিনন্দন জানান তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় কুসিক নির্বাচনে কর্তব্যরত সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খালেদা জিয়া।
এছাড়া নানা প্রতিকূলতার মধ্যেও প্রচার-প্রচারণায় অংশগ্রহণকারী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলটির চেয়ারপারসন।
নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে ১১ হাজার ৮৫ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন সাক্কু।
মোট ১০৩টির মধ্যে ঘোষিত ১০১টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী পেয়েছেন ৬৮,৯৪৮ ভোট। আর নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন ৫৭,৮৬৩ ভোট।











