ইয়েমেনে সৌদি আগ্রাসনের বিরুদ্ধে মিডিয়ার ‘চোখ এড়ানো’ প্রতিবাদ
ইয়েমেনে পছন্দসই সরকার প্রতিষ্ঠার জন্যে সৌদি আরবের আগ্রাসন চলছে দুই বছর ধরে। ২০১৫ সালের ২৬ মার্চ এ আগ্রাসন শুরু হয়। এ আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ১২ হাজার মানুষ মারা গেছে। ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তবে ইয়েমেনের জনগণ সৌদি আগ্রাসনের দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রতিবাদ ও বিক্ষোভে রাজপথে নেমে আসে। ইয়েমেনের রাজধানী সানায় এ বিক্ষোভ সমাবেশে দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারাও অংশ নেন। তবে এ বিশাল বিক্ষোভের সংবাদ কিংবা ছবি পশ্চিমা মিডিয়ার চোখে তেমন কোনো প্রভাব ফেলেনি এবং তা প্রচার করার কোনো প্রয়োজনও মনে করেনি বিশ্ব নন্দিত মিডিয়াগুলো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়েমেনের যেসব ভয়াবহ সচিত্র তথ্য প্রকাশ পাচ্ছে তাতে ইতিমধ্যে দুর্ভিক্ষের কবলে পড়েছে দেশটি। সিএনএন গত রোববার এক সচিত্র প্রতিবেদনে বলে, সৌদি আগ্রাসনে অন্তত ৭ হাজার ৬৮৪ জন নিহত ও ৪২ হাজার ৫৫৩ জন আহত হয়েছে যাদের সিংহভাগই সাধারণ মানুষ। সিএনএন’এর সাংবাদিক নাদিম মুয়াদ্দি ও বেনজির ওয়েলি’র এ প্রতিবেদনে বলা হচ্ছে, ইয়েমেনে অব্যাহত সৌদি ক্ষেপণাস্ত্রের আঘাতে কুড়ি লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এদের মধ্যে ১৮ দশমিক ৮ মিলিয়ন মানুষের বেঁচে থাকতে সরাসরি সাহায্য দরকার। ইয়েমেনের অর্ধেক শিশু খাদ্যভাবে পুষ্টিহীনতায় ভুগছে। কাজের অভাবে ১৭ মিলিয়ন মানুষ খ্যাদ্যভাবে রয়েছে। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া তা মানুষের কেনাকাটার সামথ্যের বাইরে চলে গেছে। ব্যবসা মন্দা বলে ৭০ ভাগ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী তাদের কর্মচারীদের ছাঁটাই করেছেন। ৪ মিলিয়ন মানুষ খোলা আকাশের নিচে যাদের আশ্রয় দরকার। ইয়েমেনের অর্ধেক মানুষ দারিদ্র সীমার নিচে এবং দেশটির মানুষগুলোকে বাঁচাতে অন্তত ২ বিলিয়ন ডলার অর্থ সাহায্য দরকার বলছে সিএনএন।
অথচ গত ৫ বছরে ইয়েমেনে ব্রিটিশ ও আমেরিকার সাহায্য এসেছে সাড়ে ৪’শ মিলিয়ন ডলার আর এ দুটি দেশ সৌদি আরবকে অস্ত্র সরবরাহ করছে ওই সাহায্যের দশগুণ। এসব অস্ত্র ব্যবহৃত হচ্ছে ইয়েমেনে আগ্রাসনে যার কঠোর সমালোচনা করেছে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট সালেহ আল-সামাদ সানায় ওই বিশাল বিক্ষোভ সমাবেশে বলেন, রিয়াদ প্রশাসন ইয়েমেনের মানুষকে নতজানু করতে ব্যর্থ হয়েছে। পশ্চিমা অর্থ ও অস্ত্র সাহায্য সত্ত্বেও সৌদি আরবের আগ্রাসন রুখে দিয়েছে ইয়েমেনের জনগণ। তিনি বলেন,সৌদি আরব ও তার মিত্র দেশগুলো ইয়েমেনে আগ্রাসনের জন্যে দায়ী। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চক্রান্তে সৌদি সরকার ইয়েমেনের বিরুদ্ধে এ যুদ্ধ শুরু করেছে। সালেহ আল-সামাদ বলেন, ইয়েমেন এ চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এবং প্রমাণ করেছে প্রতিরোধই যেকোনো শক্তিশালী অস্ত্রের চেয়েও অধিক ক্ষমতাধর।
ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালিক বাদরেদ্দিন আল-হুতি ওই বিক্ষোভ সমাবেশে দেওয়া বক্তব্যে বলেন, সাধারণ মানুষের ওপর সৌদি আরব প্রতিদিন যে সামরিক হামলা চালাচ্ছে তা যুদ্ধাপরাধ ছাড়া আর কিছ্ইু নয়। এধরনের সৌদি আগ্রাসন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইয়েমেনে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্কুল, হাসপাতালগুলো পর্যন্ত সৌদি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের আরেক দৃশ্য হয়ে উঠেছে ইয়েমেন। কিন্তু এরপরও সৌদি আরব তার পছন্দের সরকার ইয়েমেনে বসাতে পারেনি। ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট হাদি এখন বেশিরভাগ সময় রিয়াদেই কাটাচ্ছেন। হাদির সমর্থক যাদের পৃষ্ঠপোষকতা করছে সৌদি আরব তাদের সঙ্গে ইয়েমেনে সৌদি আগ্রাসনের বিরুদ্ধে লড়াইরত হুতিদের সঙ্গে বেশকয়েকটি আলোচনা ভেস্তে গেছে। হুতিদের আনসারুল্লাহ যোদ্ধাদের সাহায্য করছে ইয়েমেনের সেনাবাহিনী।
ইয়েমেনে এধরনের সৌদি আগ্রাসন চলতে থাকলে সেখানে আইএস জঙ্গি গোষ্ঠী ঢুকে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা। সিএনএন/তেহরান টাইমস











