বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুসিক নির্বাচনে সেনা মোতায়নের দাবি বিএনপির

news-image

 

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সেনা মোতায়নের দাবি জানিয়েছে বিএনপি।সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত গণতান্ত্রিক জোট উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

‘কুসিক নির্বাচনে সেনা মোতায়ন চাই এবং নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি’ উপলক্ষে এ মানববন্ধনে শামসুজ্জামান দুদু বলেন, ছাত্রলীগের ক্যাডার ও জনতার মঞ্চের নেতা প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুঁদার অধীনে আগামী ৩০ মার্চ কুসিক নির্বাচন সুষ্ঠু হতে পারে, এ কথা দেশের কোনো পাগলও বিশ্বাস করে না। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অনতি বিলম্বে কুসিক নির্বাচনে সেনাবাহিনী মোতায়ন করতে হবে। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির কর্মী সমর্থকদের সরকারি লোকজন এবং প্রশাসন বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, আগামী ৩০ তারিখের নির্বাচনে কুমিল্লাবাসী ভোটাধিকার প্রয়োগ করতে চায়। কিন্ত সেই পরিবেশ এখন পর্যন্ত কুমিল্লাতে নেই। বিএনপির প্রার্থী সাক্কুর কর্মী সমর্থকরা প্রচারণায় গেলেই কোনো রকম অভিযোগ ছাড়াই আইনশৃংখলা বাহিনী গ্রেফতার করে তাদেরকে দৌঁড়ের উপর রেখেছে। যত রকম বাধা বিপত্তি তার সবই করা হচ্ছে। এইভাবে একটি স্বাভাবিক নির্বাচন হতে পারে না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের চলমান সংকটের সমাধান আপনি চান কি না সেটা আপনাকেই নির্ধারণ করতে হবে। সমাধান চাইলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আর সময় চলে গেলে আলোচনার পরিবেশ থাকবে না। তখন দেশে ১৯৬৯ সালের মত গণঅভ্যুত্থান সংঘটিত হবে।
আয়োজক সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

এ জাতীয় আরও খবর