বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কে হচ্ছেন ভারতের পরবর্তী রাষ্ট্রপতি ?

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতে পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফল এসে গেছে। উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। এতে মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে, ভারতের রাষ্ট্রপতি পদে পরিবর্তন আসন্ন। প্রণব বাবুর দ্বিতীয় মেয়াদ এখন নিশ্চিতভাবেই অনিশ্চিত। তাই পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সেটা ঠিক করবেন প্রধানমন্ত্রী মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ প্রমুখ। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে পছন্দের কাউকে নিয়ে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর দল বিজেপি এবং বিজেপি‌র ‘‌মেন্টর’‌ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দীর্ঘদিনের স্বপ্ন।

বিজেপি সূত্র বলছে, আরএসএস-এর সঙ্গে যুক্ত এবং যাঁর বিরুদ্ধে কোনো চার্জশিট নেই, রাষ্ট্রপতি পদের জন্য এমন প্রার্থী খোঁজা চলছে। আগামী জুলাই মাসেই শেষ হবে বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ। আর ওই মাসেই রাষ্ট্রপতি নির্বাচন।

বলা বাহুল্য, বাবরি মসজিদ ধ্বংস মামলার খাঁড়া ঝুলছে প্রবীন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানি এবং মুরলী মনোহর যোশির বিরুদ্ধে। স্বভাবতই তাঁরা দৌড়ের বাইরে চলে গেছেন। এখন রাষ্ট্রপতি পদের জন্য বিজেপি নেতাদের ঘরোয়া আলোচনায় ইতিমধ্যেই যাঁদের নাম উঠে আসছে, তাঁদের মধ্যে রয়েছেন, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, ঝাড়খণ্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মুসহ আরও কয়েকজন। তবে চমক দিয়ে একেবারে আনকোরা কাউকেও বেছে নেওয়া হতে পারে শেষ মুহূর্তে। ঠিক যেভাবে ইউপিএ জমানায় প্রতিভা পাটিলকে বসিয়েছিলেন সোনিয়া গান্ধী।

ভারতে রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা, রাজ্যসভা, সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর বিধানসভা সদস্যদের নিয়ে গঠিত ইলেক্টোরাল কলেজের ভোট শেয়ারের ভিত্তিতে। তবে পছন্দের রাষ্ট্রপতি নির্বাচনে প্রয়োজনীয় ভোট শেয়ার থাকবে না বিজেপির। যদিও পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোট শেয়ার থেকে বিজেপি ৭৫,০৭৬ সংখ্যায় পিছিয়ে ছিল, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র ২০হাজারে। মনে করা হচ্ছে, ওড়িশার বিজু জনতা দল বা তামিলনাড়ুর এআইএডিএমকে-র মতো কোনো অ-কংগ্রেসি দলের সঙ্গে সমঝোতা করে সহজেই এই ফারাকটা মিটিয়ে ফেলতে পারবেন মোদী ও অমিত শাহরা।

সম্প্রতি বিভিন্ন রাজ্যে বিপুল জয়ের ফলে এখন পছন্দের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে অনেকটা এগিয়ে গেছে বিজেপি। এই জয়ে আগামী বছর রাজ্যসভায় বিজেপির শক্তি বাড়বে। লোকসভায় বিপুল গরিষ্ঠতা থাকলেও যে কোনো বিল পাস করাতে বর্তমানে উচ্চকক্ষ রাজ্যসভায় যথেষ্ট বেগ পেতে হয় বিরোধীদের দাপটে। আগামী বছরের প্রথমার্ধেই উত্তর প্রদেশ থেকে ১০টি আসন খালি হচ্ছে। যেখানে বিরোধী দলের সাংসদেরা ছিলেন। ওই ১০টির মধ্যে ৯টি আসন নিশ্চিতভাবে বিজেপির হাতে আসবে। এছাড়া রাষ্ট্রপতির মনোনীত তিনজন সদস্যের (‌রেখা, সচিন তেন্ডুলকর, অনু আগা) মেয়াদ শেষ হচ্ছে। সেখানেও বিজেপি নিজেদের মনোনীত প্রার্থী আনবে৷ অন্যান্য রাজ্য থেকেও রাজ্যসভার কিছু সাংসদ বাড়বে বিজেপির।

তো সব মিলিয়ে এ-ই যখন অবস্থা, তখন কে হতে পারেন ভারতের রাষ্ট্রপতি?

আগেই বলা হয়েছে, বাবরি মসজিদ ধ্বংস মামলার খাঁড়া ঝুলছে প্রবীন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানি ও মুরলী মনোহর যোশির বিরুদ্ধে। ৮৩ বছরের মুরলী মনোহর যখন মাত্র ১০ বছরের, সেই ১৯৪৪ থেকে তিনি আরএসএস-এর সঙ্গে যুক্ত। ১৯‌৯১ সালে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হওয়ার পরেই অযোধ্যায় রামমন্দির তৈরির হিড়িক শুরু হয়। নিজের কর্মকালে ১৯৯২ সালে কন্যাকুমারী থেকে শ্রীনগর পর্যন্ত ‘‌একতা যাত্রা’‌ বের করেছিলেন এবং লালচকে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় গ্রেপ্তারও হয়েছিলেন। ১৯৯৬, ৯৮ ও ৯৯ সালে অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন সরকারের সদস্য ছিলেন যোশি। কিন্তু তবুও ভারতের রাষ্ট্রপতি হিসেবে বিজেপি নেতৃত্বের পছন্দের আলিকায় একেবারেই নেই তিনি।

আসা যাক সুষমা স্বরাজের কথায়। দলে তার গুরুত্বও কোনো অংশে কম নয়। ৬৫ বছরের সুষমাকে দেশের শীর্ষ পদে আনতে পারলে আরএসএস-এর বিরুদ্ধে বিরোধীদের দেওয়া ‘‌মহিলা বিরোধী’‌ তকমাটি অনায়াসেই ঝেড়ে ফেলা যাবে বলে মনে করছে দল। মোদী সরকারের মন্তিসভায় ‘‌ভলো মন্ত্রী’ হিসেবে সুনাম রয়েছে তাঁর। তাছাড়া সব দলের নেতাদের সঙ্গে তাঁর সুসম্পর্কের বিষয়টিও মাথায় রাখছে দল, যা রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের সমর্থন পেতে অনেকটাই সাহায্য করতে পারে বিজেপিকে। তবে ইদানীং তাঁর শারীরিক অবস্থা ভালো না থাকার বিষয়টিও বিবেচনা করে দেখছেন দলের নেতারা। দলের সূত্র জানাচ্ছে, আপাতত অসুস্থ হলেও দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি।

অন্যদিকে, ৭৪ বছরের সুমিত্রা মহাজন বর্তমানে লোকসভার স্পিকার। ইন্দোর থেকে পর পর আটবারের সাংসদ তিনি। আরএসএস-এর সঙ্গেও সুমিত্রার মেলবন্ধন অত্যন্ত ভালো।

এদিকে আবার ঝাড়খন্ডের রাজ্যপাল, ৫৯ বছরের দ্রৌপদী মুর্মুকে তুলে এনে চমক দেয়ার কথাও ভাবছেন বিজেপি ও আরএসএস নেতারা। তিনি ওড়িশার আদিবাসী নারী। বিগত দু’দশক ধরে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে কাজের বিশেষ অভিজ্ঞতা রয়েছে তাঁর। ভারতের ইতিহাসে এ যাবৎ কোনো আদিবাসী রাষ্ট্রপতি পদে বসার সুযোগ পাননি। তাঁকে এই পদে প্রার্থী করে বিরোধীদের চমক দেওয়ার কথা ভাবা হচ্ছে বিজেপি মহলে।

তবে শেষ পর্যন্ত কী হবে, কে হচ্ছেন – তা জানতে জুলাই পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

এ জাতীয় আরও খবর