নির্বাচন বিএনপির আসল এজেন্ডা নয় : ইনু
নিজস্ব প্রতিবেদক : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন কখনই বিএনপির আসল এজেন্ডা নয়। বিএনপি ‘নির্বাচন’ বা ‘নির্বাচনকালীন সহায়ক সরকার’ এর কথা বলে তাদের দিকে জনগণের অভিযোগের আঙ্গুল অন্যদিকে ঘুরাতে চায়।
তিনি বলেন, বিএনপি ‘নির্বাচনকালীন সহায়ক সরকারের’ নামে দেশ সংবিধানের বাইরে ঠেলে দিয়ে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে অস্বাভাবিক সরকার আনতে চায়। বিএনপির ‘নির্বাচনকালীন সহায়ক সরকারের’ দাবি দেশকে সংবিধানের বাইরে ঠেলে দেয়ার পাতা ‘ফাঁদ’, সংবিধান ও গণতন্ত্রের জন্য ‘গলার ফাঁস’।
শনিবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাসদের এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে দুপুর ২টা থেকেই জাসদের হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন-পতাকা হাতে নিয়ে ক্যাপ মাথায় মিছিল করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থলে সমবেত হতে থাকেন।
বিকেল ৩টায় দলীয় সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে সমাবেশের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিকাল ৪টা নাগাদ সমাবেশস্থলে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
ইনু বলেন, এই দুই অংক একই সাথে মেলাতে পারলে বাংলাদেশে আর কোনো দিনই রাজাকাররা বা রাজাকার সমর্থিত সরকার বা সামরিক সরকার ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশের রাজনীতিতে, নির্বাচনে ‘মুক্তিযোদ্ধা আর রাজাকারদের মধ্যে মিউজিকাল চেয়ার খেলা’ও চিরদিনের জন্য বন্ধ হবে। বাংলাদেশের রাজনীতির মাঠে শুধু মুক্তিযোদ্ধারাই খেলবে।
তিনি বলেন, এখনো অনেকে ‘রাজাকারদের সাথে মিলমিশ-মিটমাট-আপস-ক্ষমতার ভাগ না দিলে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা বা সংকট দূর হবে না’ বলে তত্ত্ব দেন। রাজাকারদের সাথে মিটমাটের এই তত্ত্বকেও ‘দ্বি-জাতি তত্ত্বে’র মতই কবর দেয়া হবে।
জাসদ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জাসদ নেতার দল না, কর্মীদের দল। জাসদ নেতাদের ব্যক্তিগত লাভ-ক্ষতির হিসাব নিকাষ না করে, জাতীয় কর্তব্য ও জনগণের স্বার্থের হিসাব করে রাজনৈতিক নীতি-কৌশল প্রণয়ন করে।
তিনি বলেন, জঙ্গিবাদবিরোধী চলমান যুদ্ধে বিজয় এবং বাংলাদেশ সুশাসন ও সমাজতন্ত্রের পথে পরিচালিত করতে জাসদের নেতা-কর্মীরা সংগ্রামের পথে বলিষ্ঠভাবে এগিয়ে যাবে।
সমাবেশে আরো বক্তব্য দেন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি ইকবাল হোসেন খান, রেজাউল করিম তানসেন এমপি, আব্দুল হাই তালুকদার, হাবিবুর রহমান শওকত, শাহ জিকরুল আহমেদ, কাজী রিয়াজ, আফরোজা হক রীনা, মজিবুল হক বকু, শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, লোকমান আহমেদ, নুরুল আখতার, নাদের চৌধুরী, সাখাওয়াত হোসেন রাঙ্গা, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন, সাদিক হোসেন, সাংগঠনিক সম্পাক আবদুল হাই মাহবুব, খালিদ হোসেন, আব্দুল আলীম স্বপন প্রমুখ।











