সরাইলে ইউএনও অফিস ভবনের ছাদ ঝুঁকিপূর্ণ : শঙ্কায় কর্মকর্তা কর্মচারীরা
মাহবুব খান বাবুল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ভবনের ছাদ হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। এ ছাড়া উপজেলার আরো কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরের ছাদের অবস্থা খুবই নাজুক। সর্বক্ষণ শঙ্কা ও ঝুঁকির মধ্যেই কাটছে ওই দফতর গুলোর কর্মকর্তা কর্মচারীদের সময়। যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা। এ অবস্থায় বছরের পর বছর পেরিয়ে গেলেও সংস্কার বা নির্মাণের কোন ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। সরজমিনে ইউএনও’র কার্যালয়ে কর্মরত লোকজনের সাথে কথা বলে জানা যায়, ১৯৮৭-৮৮ সালের দিকে নির্মিত হয় বর্তমান উপজেলা পরিষদের প্রথম তলার ভবনটি। এর ৩-৪ বছর পর ওই ভবনেরই দ্বিতীয় তলার কাজ সম্পন্ন হয়। মাত্র ৩০ বছর পার না হতেই প্রথম তলার ছাদের পলেস্তরা নিয়মিত খসে পড়ছে। কয়েকটি কক্ষের ভিতরেও পড়ছে বৃষ্টির পানি। গত কয়েক বছর ধরে পলেস্তরা খসে পড়ার কারনে ছাদের বেশ কয়েক জায়গায় বেরিয়ে গেছে রড। বছর দুয়েক আগে ইউএনও’র অফিস কক্ষেই ছাদ থেকে খসে পড়েছিল পলেস্তরার বিশাল আকৃতির টুকরা। এ ভবনের পশ্চিম পাশেই রয়েছে জাতীয় পার্টির সরকারের আমলে নির্মিত আরেকটি লাল বিল্ডিং। সেখানে সাব-রেজিষ্ট্রারের কার্যালয়, সেটেলম্যান্ট অফিস ও দারিদ্র বিমোচন নামের কার্যালয় রয়েছে। ওই ভবনটির ছাদটিও দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। আর দেওয়াল গুলো হয়ে পড়েছে স্যাঁতস্যাঁতে। উপজেলা সমবায় অফিস, খাদ্য অফিস ও মৎস কর্মকর্তার দফতরের ভবনটি উপজেলা পরিষদের অনেক আগে নির্মিত। এ ভবনের ছাদের পলেস্তরা খসে পড়ছে অনেক পূর্ব থেকেই। বৃষ্টির পানি আর পলেস্তরার গুড়ায় নষ্ট হয়েছে তাদের কাগজপত্র। ধূঁলো ময়লার স্তুপ পড়েছে তাদের টেবিলে। সংস্কারের জন্য অনেক চেষ্টা করেছেন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা। কোন কাজ হয়নি।
উপজেলার ওই ৩ ভবনে কর্মরত সকলেই ভবন ধ্বসে দূর্ঘটনার ঝুঁকিতে ভোগছেন সর্বক্ষণ। ইউএনও অফিসের সি এ কাম ইউ ডি এ মোঃ রাসেল খন্দকার ও ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ কামাল মিয়া বলেন, কাজ করিই ঠিকই। কিন্তু মাথার উপরের ছাদ খসে পড়ার ভয়ে সর্বক্ষণ আতঙ্কগ্রস্ত থাকি। কোন সময় কি ঘটে যায় খোদাই জানেন। স্থানীয় এলজিইডি’র উপ-সহকারি প্রকৌশলী মোঃ শফিকুর রহমান ছাদের দূরাবস্থার কথা স্বীকার করে বলেন, এ ভবনের ছাদ ঢালাইয়ের আগে রডের নীচে ঠিকমত সিমেন্টের তৈরী ব্লক দেওয়া হয়নি। এজন্য এত অল্প সময় পরই ছাদের এ অবস্থা হয়েছে। উপজেলা প্রকৌশলী মোঃ এমদাদুল হক ছাদের কারনে ঝুঁকিতে থাকার কথা স্বীকার করে বলেন, শুধু এ ভবনটিই নয় উপজেলার আরো ২টি ভবনের ছাদের পলেস্তরা নিয়মিত খসে পড়ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে অনেক কথা বলেছি। কিন্তু কেন জানি কাজ হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা নিজের দফতরসহ আরো কিছু দফতরের কর্মকর্তা কর্মচারী ঝুঁকিতে থাকার কথা স্বীকার করে বলেন, এটা অত্যন্ত জরুরী ও গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রকল্প দিয়েছি। নিচতলায় কাজ চলছে। বাকী কাজ গুলোও দ্রুতই হবে।











