রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হার্ভার্ডের চেয়ে কঠোর পরিশ্রমের মূল্য বেশি’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে তার সমালোচনা করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তারই পরিপ্রেক্ষিতে নাম উহ্য রেখে হাভার্ডের অর্থনীতির অধ্যাপক উল্লেখ করে কটাক্ষ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, হাভার্ডের চিন্তাধারার চেয়ে গরিব মানুষের কঠোর পরিশ্রম অনেক বেশি গুরুত্বপূর্ণ।

বুধবার উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে এক নির্বাচনী প্রচারণায় মোদি বলেন, একদিকে তারা আছেন যারা হাভার্ড বিশ্ববিদ্যালয়ের কথা বলে থাকেন, অন্যদিকে গরিব মানুষের ছেলে-মেয়েরা কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি বদল ঘটানোর কাজ করতে চান।

এর আগে, মোদি সরকারের নোট বদলের সিদ্ধান্ত একটা ‘ভুল পদক্ষেপ’ বলে মন্তব্য করে অমর্ত্য সেন বলেছিলেন এর ফলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়তে পারে। এছাড়া দেশের আর্থিক বৃদ্ধির হারও অনেকটা কমবে বলে আশঙ্কা ছিল অমর্ত্যসেনের। পাশাপাশি এই সিদ্ধান্তকে মোদির স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী সিদ্ধান্ত বলেও অভিহিত করেন তিনি।

এদিকে মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের এক পরিসংখ্যানে দেখানো হয়েছে নোট বাতিল সত্ত্বেও দেশের আর্থিক বৃদ্ধির হারে কোনো প্রভাব পড়েনি। তাদের দাবি ২০১৬-১৭ আর্থিক বছরে এই বৃদ্ধির হার ৭.১ শতাংশ হতে পারে। এই বৃদ্ধির ফলে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের তালিকায় ভারত জায়গা করে নিয়েছে। বিভিন্ন মহলের ধারণা ওই প্রেক্ষিতেই অমর্ত্য সেনকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী।